নভেম্বর ১১, ২০২৬, ০২:৫৭ এএম
প্রেম, বন্ধুত্ব, অভিমান এবং পারিবারিক টানাপড়েনের সংবেদনশীল গল্প নিয়ে নির্মিত নাটক ‘মন দুনিয়া’ ইউটিউবে মুক্তির মাত্র দুই দিনের মাথায় এক কোটির বেশি ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। প্রযোজনা সংস্থা ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত এই নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে এবং সবচেয়ে দ্রুততম সময়ে কোটির ঘরে পৌঁছানোর মাইলফলক স্পর্শ করেছে। নাটকটির এমন সাফল্যে আনন্দিত নির্মাতাসহ পুরো টিম।
নাটকের কাহিনি আবর্তিত হয়েছে সমকালীন বাস্তবতার পটভূমিকে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়ে আবির। তার এই বিপদের সময়ে পাশে দাঁড়ায় সহপাঠী তুলি। এই ঘটনার সূত্র ধরেই তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সূচনা হয়। তবে একই বন্ধুমহলের রাতুল নামের এক তরুণ প্রকাশ্যে তুলিকে প্রেমের প্রস্তাব দিলে সম্পর্কের সমীকরণ পাল্টাতে শুরু করে। রাতুলের প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়ে তুলি তার মনের কথা জানিয়ে দেয় এবং আবিরকে ভালোবাসার কথা প্রকাশ করে। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নিজের অনুভূতি লুকিয়ে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আবির।
গল্পে এরপর নানা মোড় আসে। তুলির কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলেও তাদের মানসিক দূরত্ব বাড়তে থাকে। এর মধ্যে দুই পরিবারের সামাজিক মর্যাদা, তীব্র বিরোধিতা এবং আবিরের বাবার দেওয়া কঠিন শর্ত তাদের ভালোবাসার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। পারিবারিক অসম্মতি ও বাবার অভিমানের কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় আবির ও তুলি। ফলে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে হয় তাদের। দীর্ঘ নীরবতা, অপেক্ষা ও দূরত্বের পর অবশেষে তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে নাটকের আবেগঘন পরিসমাপ্তি ঘটে।
ইমরাউল রাফাতের পরিচালনায় এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। আনোয়ারুল আলম সজলের প্রযোজনায় নির্মিত এই নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে। প্রচারের পর থেকেই নাটকের গল্প, সংলাপ এবং শিল্পীদের পরিপক্ব অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। অল্প সময়ে কোটি ভিউয়ের এই অর্জন নাটকটিকে সাম্প্রতিক সময়ের বাংলা নাটকের বাজারে একটি বিশেষ অবস্থানে নিয়ে গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন