নভেম্বর ১১, ২০২৬, ১২:২৫ এএম
পতিত সরকার দেশের অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি, তলানিতে থাকা রাজস্ব আহরণ এবং বিশাল ঋণের বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছে বর্তমান সরকার। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির গতি ফেরাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থনীতির বর্তমান পরিস্থিতি, রাজস্ব আদায়, ব্যাংকিং খাত, ঋণের বোঝা, বিনিয়োগ ও সরকারের সংস্কার কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। ড. তিতুমীর বলেন, আমরা এমন একটা অর্থনীতি পেয়েছি, যেটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রেই এটা হয়েছে। ব্যাংক খাতকে উদ্ধারের জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অর্থাৎ, একটা অর্থনীতিকে আইসিইউতে রেখে তারা পালিয়ে গেছে।
তিনি জানান, দেশের অর্থনীতির দুটি বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ রাজস্ব আহরণের নিম্ন হার এবং ঋণের বিশাল বোঝা। মোট দেশজ উৎপাদনের অনুপাতে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের হার মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন পর্যায়ের এবং বৈগ্রিক বিবেচনাতেও তলানিতে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ২০৩০ সালের মধ্যে জিডিপির অনুপাতে রাজস্ব আহরণের হার ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির অনুপাতে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। উপদেষ্টা বলেন, আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীরাও জানে, রাজনৈতিকভাবে আমরা নিজেরাই সংস্কার কর্মসূচি হাতে নিয়েছি।
ড. তিতুমীর বলেন, পতিত সরকারের আমলে ঋণের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। ২০০৯ সাল থেকে হিসাব করলে ঋণের পরিমাণ বেড়েছে ৩২৩ শতাংশ। ঋণের তিনটি প্রধান ধরন রয়েছে—সরকারি ঋণ, সরকারের গ্যারান্টি দেওয়া ঋণ এবং বেসরকারি খাতের ঋণ। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুন নাগাদ সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯০ বিলিয়ন ডলার। তিনি বলেন, ঋণের সুদ ও আসল পরিশোধে ইতোমধ্যে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এ চাপ আরও বাড়বে। কোনো কোনো হিসাবে ২০৩০ সাল নাগাদ ঋণ পরিশোধের পরিমাণ ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন করের জন্য পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব উদ্যোগের ফলে রাজস্ব আহরণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, ২০২৩-২৪ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫ শতাংশ। বর্তমান সরকারের উদ্যোগে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বেড়ে ১২ দশমিক ০৩ শতাংশে উন্নীত হয়েছে। গত অর্থবছরের শেষ দিকে কাস্টমস হাউসগুলোতে দেশের ইতিহাসে সর্বোচ্চ শুল্ক আদায় হয়েছে। আয়কর আদায়েও একই ধরনের অগ্রগতি অর্জনের চেষ্টা চলছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশে নেওয়ার লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, অর্থনীতিকে সচল করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি উন্নয়ন ব্যয় বাড়ানো, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি, রেমিট্যান্সের প্রবাহ জোরদার এবং দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো। তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এসব মানুষকে সহায়তা দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য সমীক্ষা চলছে। দরিদ্র ও হতদরিদ্র মানুষকে এ কর্মসূচির আওতায় আনার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের সহায়তায় ফার্মার্স কার্ড কর্মসূচিও নেওয়া হয়েছে। ড. তিতুমীর বলেন, অর্থনীতির চাকা ঘুরবে চারটি কারণে—প্রথমত, বিনিয়োগ; দ্বিতীয়ত, সরকারি ব্যয়; তৃতীয়ত, ভোগ এবং চতুর্থত, রপ্তানি আয়। এসব ক্ষেত্রেই সরকার সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ছে এবং বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আস্থাও বাড়ছে। চীন চট্টগ্রামে তাদের অর্থনৈতিক শিল্পাঞ্চলে বিনিয়োগ শুরু করেছে। জাপানের বিনিয়োগকারীরাও বাংলাদেশে উৎপাদন ও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। জ্বালানির মূল্যবৃদ্ধিসহ বৈগ্রিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার চলতি অর্থবছরে সাড়ে ছয় শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের আশা করছে।
রাজস্ব আদায় ও অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশে স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. তিতুমীর বলেন, সরকার তথ্য গোপন করছে না। আয়কর, শুল্ক ও ভ্যাট আদায়ের তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। ভবিষ্যতে উন্মুক্ত তথ্যনীতি অনুসরণ করে পরিসংখ্যান প্রকাশের ব্যবস্থা আরও জোরদার করা হবে। তিনি বলেন, আগে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার দেখানো হতো ১১ শতাংশ। কিন্তু ফরেনসিক অডিটের পর তা বেড়ে ৩৫ দশমিক ৭২ শতাংশ পাওয়া গেছে। প্রকৃত চিত্র তুলে ধরতে তথ্যের যথার্থতা নিশ্চিত করা জরুরি। দেশের জিডিপির হিসাব এবং কর-জিডিপি অনুপাত নিয়ে এক প্রশ্নের উপদেষ্টা বলেন, জিডিপির তথ্যের যথার্থতা যাচাইয়ে ফরেনসিক অডিট করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর এ প্রতিবেদন প্রকাশ করা হবে। সেখানে জিডিপির হিসাব ও কর-জিডিপি অনুপাতসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হবে। করদাতাদের হয়রানি বন্ধ করতে এবং রাজস্ব ব্যবস্থার ডিজিটালাইজেশন ত্বরান্বিত করতে রাজস্ব প্রশাসনে সংস্কার করা হচ্ছে বলেও জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন