মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

বিদেশে পড়াশোনার জন্য টাকা পাঠানো আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৯:৫৭ এএম

বিদেশে পড়াশোনার জন্য টাকা পাঠানো আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

বিদেশে পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই শিক্ষার্থীরা বিদেশে অর্থ পাঠাতে পারবেন। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন ও সার্কুলার জারি করেছে। এর মাধ্যমে বিদেশে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা ব্যাংকগুলোকে ভালোভাবে যাচাই করতে হবে। এছাড়া শিক্ষা ব্যয় সহজে পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড চালুর নতুন সুবিধা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, শিক্ষার্থী বা তার ব্যয় বহনকারী ব্যক্তির নামে বিশেষ আন্তর্জাতিক ডেবিট, প্রি-পেইড ও ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো। এ কার্ড দিয়ে কেবল টিউশন ফি, ভর্তি প্ল্যাটফর্মের সেবা মাশুল এবং ক্যাম্পাসের বাইরের আবাসন ভাড়াসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় পরিশোধ করা যাবে। তবে এই শিক্ষা কার্ডের লেনদেন ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার ব্যয়ের সঙ্গে এক করা যাবে না এবং এর হিসাব আলাদাভাবে সংরক্ষণ করতে হবে।

শিক্ষার পাশাপাশি বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর সর্বোচ্চ সীমাও বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পাঠানো গেলেও, নতুন নিয়মে তা বাড়িয়ে ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নির্ধারণ করা হয়েছে। বৈধ চলতি হিসাবভুক্ত লেনদেন সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত বা আরএফসিডি হিসাব খোলার নিয়মও সহজ করা হয়েছে। এখন থেকে দেশের নাগরিকরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে যথাযথ ঘোষণা দিয়ে এই হিসাবে জমা রাখতে পারবেন। নতুন এই সিদ্ধান্তগুলোর ফলে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী ও চিকিৎসা নিতে যাওয়া নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।