মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের পরকীয়া ও ব্যক্তিগত সম্পত্তির ঝুঁকি

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৫:৪১ এএম

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের পরকীয়া ও ব্যক্তিগত সম্পত্তির ঝুঁকি

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ব্যক্তিগত সম্পর্কের জেরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সিঙ্গাপুরভিত্তিক ডাটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক এক নির্বাহীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে প্রতিষ্ঠানের কর্মীদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। মার্কিন কর্তৃপক্ষ ওই নারীকে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে। এই ঘটনার পর এনভিডিয়ার পক্ষ থেকে একটি স্বাধীন তদন্ত শুরু করা হয়েছে।

গত ৮ নভেম্বর প্রকাশিত ওই চিঠিতে জেনসেন হুয়াং তার স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না এবং তার কাজের জন্য কোনো অজুহাত নেই। এই সম্পর্কের জেরে চীনা গোয়েন্দাদের লক্ষ্যবস্তু ছিলেন কি না, তা খতিয়ে দেখতে এনভিডিয়ার বোর্ড অব ডিরেক্টরস একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা জেনসেন হুয়াংয়ের নেতৃত্বের ওপর আস্থা রাখছেন এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন।

এই স্ক্যান্ডাল কেবল তার সুনাম নয়, বরং তার ব্যক্তিগত সম্পত্তিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোম্পানির ২০২৬ সালের প্রক্সি স্টেটমেন্ট অনুযায়ী, তার স্ত্রী লোরি হুয়াং একটি ফ্যামিলি ট্রাস্টের কো-ট্রাস্টি, যার মধ্যে ৫২ কোটি ২৮ লাখের বেশি এনভিডিয়া শেয়ার অন্তর্ভুক্ত রয়েছে। এই পরিস্থিতির কারণে বিবাহবিচ্ছেদ বা আইনি জটিলতা তৈরি হলে শত শত কোটি ডলারের সম্পদ ঝুঁকির মুখে পড়তে পারে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন অনুযায়ী বিবাহিত জীবনে অর্জিত সম্পত্তি সাধারণত সমানভাবে বিভক্ত হয়, যা এই দম্পতির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

এদিকে এই খবরের প্রভাব ইতোমধ্যে তার শেয়ার ও সম্পদের ওপর পড়তে শুরু করেছে। সম্প্রতি এনভিডিয়ার শেয়ারের দাম কমে যাওয়ায় জেনসেন হুয়াংয়ের মোট সম্পদ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এর আগে মেগাস্পিড কোম্পানি এনভিডিয়ার কাছ থেকে বড় অঙ্কের পণ্য কিনেছিল এবং মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, এই কোম্পানির মাধ্যমে কিছু প্রযুক্তি রপ্তানি নিয়ম লঙ্ঘন করে চীনে পাচার করা হয়েছে। তবে এনভিডিয়া বোর্ড জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা বা কোম্পানির কোনো গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

জেনসেন হুয়াং এবং তার লোরি ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময় একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এবং ১৯৮৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এনভিডিয়া প্রতিষ্ঠার বহু বছর আগে থেকে তারা একসঙ্গে সংসার করছেন। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবনে কোনো স্থায়ী প্রভাব পড়বে কি না এবং এই তদন্তের শেষ ফলাফল কী দাঁড়ায়, তা সময়ই বলে দেবে। কোম্পানির মুখপাত্র জানিয়েছেন যে এই তদন্ত সত্ত্বেও জেনসেন হুয়াং প্রধান নির্বাহী হিসেবে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।