মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

এইচবিও ম্যাক্স ও প্যারামাউন্ট প্লাস বান্ডেলের পরিকল্পনা স্কাইড্যান্সের

বিনোদন ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৩:৩৩ এএম

এইচবিও ম্যাক্স ও প্যারামাউন্ট প্লাস বান্ডেলের পরিকল্পনা স্কাইড্যান্সের

এইচবিও ম্যাক্স ও প্যারামাউন্ট প্লাস সেবা নিয়ে নতুন পরিকল্পনা জানিয়েছে স্কাইড্যান্স।

ওয়ার্নার ব্রোস ডিসকভারির সাথে বিশাল চুক্তি সম্পন্ন করার পর নিজেদের প্রথম প্রান্তিক বা আর্নিংস রিপোর্ট প্রকাশ করেছে স্কাইড্যান্স। এই প্রতিবেদনে প্রতিষ্ঠানটি তাদের ব্যয় সংকোচন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ব্যবসায়িক সমন্বয়ের ক্ষেত্রগুলো তুলে ধরেছে। এর পাশাপাশি ২০২৭ সালের শুরুর দিকে এইচবিও ম্যাক্স এবং প্যারামাউন্ট প্লাস সেবা দুটিকে একটি একক বান্ডেল অফারে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড এলিসন এবং সহ-প্রধান নির্বাহী ইয়োন ক্রেইজ যৌথভাবে এই প্রতিবেদন তৈরি করেছেন। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্কাইড্যান্সের মোট রাজস্ব এসেছে ৭ বিলিয়ন ডলার। এই সময়ে কোম্পানির নিট আয় ছিল ৭৩ মিলিয়ন ডলার এবং সমন্বিত ইবিআইটিডিএ দাঁড়িয়েছে ১ বিলিয়ন ডলার। তবে প্রান্তিক শেষ হওয়ার পর ওয়ার্নার ব্রোস ডিসকভারির সাথে চুক্তি সম্পন্ন হওয়ায় এই আর্থিক ফলাফলে তার বড় কোনো প্রভাব পড়েনি এবং প্রকাশিত প্রতিবেদনে ওয়ার্নার ব্রোস ডিসকভারির কোনো ফলাফল অন্তর্ভুক্ত করা হয়নি।

ভবিষ্যতে এই দুটি স্ট্রিমিং সেবার চূড়ান্ত সংযুক্তি ঘটানোর আগে এই বান্ডেল অফারটি বাজারে আনা হবে। ডিজনি ও হুলুর মধ্যকার সম্পর্কের মতো এই দুটি সেবা আলাদা থাকলেও ধীরে ধীরে একে অপরের সাথে আরও বেশি সংযুক্ত হয়ে উঠবে। বিনিয়োগকারী এবং গ্রাহকদের নজর এখন এই আসন্ন বান্ডেল এবং স্কাইড্যান্সের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর নিবদ্ধ রয়েছে।

ব্যয় সংকোচনের অংশ হিসেবে বিভিন্ন খাত থেকে বিশাল অংকের অর্থ সাশ্রয়ের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে কর্পোরেট ওভারহেড, আবাসন এবং সুবিধা খাত থেকে অন্তত ২.২ বিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে, যা অফিস স্থান পুনর্বিন্যাস এবং অপ্রয়োজনীয় কর্পোরেট পদ বিলুপ্ত করার মাধ্যমে অর্জন করা হবে। বিপণন বা মার্কেটিং খাতে খরচ কমিয়ে এবং নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচারের কাজ চালিয়ে ১ বিলিয়ন ডলার সাশ্রয়ের লক্ষ্য ধরা হয়েছে।

এ ছাড়া প্রযুক্তিগত অবকাঠামো এবং পণ্যগুলোকে একীভূতকরণের মাধ্যমে প্রযুক্তি খাত থেকে ১.২ বিলিয়ন ডলার এবং ক্রয় ও বিক্রেতা ব্যবস্থাপনার মাধ্যমে ১.৪ বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কন্টেন্ট বা বিষয়বস্তুর ক্ষেত্রেও খরচে সাশ্রয়ের সুযোগ দেখছে কোম্পানিটি। তবে তারা পুনর্ব্যক্ত করেছে যে, প্রতি বছর কন্টেন্ট খাতে তাদের ৩০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা অপরিবর্তিত থাকবে।

প্রতিবেদনে নির্বাহীরা উল্লেখ করেছেন যে স্ট্রিমিং, ব্রডকাস্ট এবং কেবল নেটওয়ার্কজুড়ে তাদের যৌথ প্ল্যাটফর্মের পরিধির কারণে প্রতিটি কন্টেন্ট আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। একটি একক কোম্পানি হিসেবে তারা কীভাবে তাদের তালিকাভুক্ত কন্টেন্টগুলো বিতরণ ও সেগুলোর মাধ্যমে মুনাফা অর্জন করবে, সে বিষয়ে আরও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারবে বলে তারা আশাবাদী।

ভিন্ন ধরনের প্রোগ্রামিং ধারার দুটি সেবাকে একত্রিত করা নেটফিক্স, ডিজনি প্লাস কিংবা অ্যামাজন প্রাইম ভিডিওর মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এইচবিও ম্যাক্স প্রিমিয়াম গল্প বলার জন্য পরিচিত, অন্যদিকে প্যারামাউন্ট প্লাস বিভিন্ন ড্রামা সিরিজ এবং সিবিএস প্রোগ্রামিং সময়সূচির মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়। আগামী বছরের প্রথমার্ধে একটি বিনিয়োগকারী দিবস আয়োজনেরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।