মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

বাগেরহাটে চলন্ত পিকআপে আগুন দিয়ে স্লোগান দিয়ে পালানোর অভিযোগ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০১:০৯ এএম

বাগেরহাটে চলন্ত পিকআপে আগুন দিয়ে স্লোগান দিয়ে পালানোর অভিযোগ

বাগেরহাটে চলন্ত পিকআপে আগুন দেওয়ার প্রতীকী ছবি।

বাগেরহাটে চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্লোগান দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন পিকআপচালক। সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের মানিকতলা এলাকায় খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে বাগেরহাট সি ফুডের কাছে ওই এলাকায় এই নাশকতা চালানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার সময় আশপাশে আতঙ্ক তৈরি হয়।

ভুক্তভোগী পিকআপচালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে তার গাড়ির কাছে নামে। এ সময় তারা নির্দিষ্ট কিছু স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। তার ডাক-চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীসময়ে তিনি নিজেই উদ্যোগী হয়ে গাড়ির আগুন নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।