মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

বিলিয়নিয়ারের ক্লাবে পল ম্যাককার্টনি, বিশ্বের তৃতীয় ধনী সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০১:৪১ এএম

বিলিয়নিয়ারের ক্লাবে পল ম্যাককার্টনি, বিশ্বের তৃতীয় ধনী সংগীতশিল্পী

সংগীতের কিংবদন্তি তারকা পল ম্যাককার্টনি।

সংগীতের সোনালী যুগের কিংবদন্তি এবং দ্য বিটলস খ্যাত তারকা পল ম্যাককার্টনি আনুষ্ঠানিকভাবে শতকোটি ডলারের মালিক তথা বিলিয়নিয়ার হয়েছেন। অর্থনৈতিক বিষয়ক বিখ্যাত সাময়িকী ফোর্বসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে তিনি বিশ্বের তৃতীয় সবচেয়ে ধনী সংগীতশিল্পীর স্থান দখল করেছেন। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে চলা বর্ণিল সংগীত ক্যারিয়ার এবং সুচিন্তিত বিনিয়োগের ফলে তার এই বিশাল আর্থিক সাফল্য এসেছে।

ফোর্বসের হিসাব অনুযায়ী, পল ম্যাককার্টনির মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বের সংগীতশিল্পীদের মধ্যে তার ওপরে রয়েছেন কেবল র‍্যাপার ও উদ্যোক্তা জে-জি এবং পপসম্রাজ্ঞী টেলর সুইফট। ফোর্বসের প্রাক্কলন অনুযায়ী এই দুই তারকার মোট সম্পদের পরিমাণ যথাক্রমে ২ দশমিক ৮ বিলিয়ন এবং ২ বিলিয়ন ডলার। এই দুই শীর্ষ শিল্পীর পরেই এখন অবস্থান করছেন ব্রিটিশ এই মিউজিক লিজেন্ড।

প্রাথমিক সংগীত জীবনের নানা চড়াই-উতরাই ও সীমিত চুক্তির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে নিজের বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছেন ম্যাককার্টনি। দ্য বিটলস ভেঙে যাওয়ার পর তিনি ১৯৭২ সালে ‍‍`উইংস‍‍` ব্যান্ড গঠন করেছিলেন। পাশাপাশি তিনি নিজের প্রকাশনা প্রতিষ্ঠান ‍‍`এমপিএল কমিউনিকেশনস‍‍` চালু করেন এবং বিভিন্ন জনপ্রিয় গানের স্বত্ব কিনে নেন, যা আজও তাকে নিয়মিত আর্থিক রিটার্ন দিয়ে যাচ্ছে।

তার মালিকানাধীন বা কেনা স্বত্বের মধ্যে রয়েছে জনপ্রিয় বড়দিনের গান ‍‍`বেবি, ইট ইজ কোল্ড আউটসাইড‍‍` এবং ‍‍`ব্লু ক্রিসমাস‍‍`-এর মতো স্ট্যান্ডার্ড ট্র্যাক। এ ছাড়াও ‍‍`ব্লু সুইয়েড শুজ‍‍` এবং জনপ্রিয় মিউজিক্যাল নাটক ‍‍`গ্রিজ‍‍`-এর সাউন্ডট্র্যাকের মতো ক্লাসিক কাজের স্বত্বও তার অধীনে রয়েছে। এই স্বত্বগুলো তার সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিনিয়োগের পাশাপাশি কনসার্ট বা ট্যুর থেকেও বিপুল পরিমাণ আয় করেছেন এই লিভারপুল লিজেন্ড। এর আগে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, তার একক ও যৌথ ক্যারিয়ারের ট্যুর থেকে মোট আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। ইতিহাসের হাতে গোনা মাত্র কয়েকজন সংগীতশিল্পীর মধ্যে তিনি এই বিরল মাইলফলক স্পর্শ করেছিলেন।

দ্য বিটলসের সদস্য হিসেবে এবং একক শিল্পী—উভয় ক্ষেত্রেই সংগীতের ইতিহাসে সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন ম্যাককার্টনি। দ্য বিটলস ব্যান্ড হিসেবে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড হট হান্ড্রেড তালিকার এক নম্বর গান উপহার দেওয়ার রেকর্ড ধরে রেখেছে। এ ছাড়াও দ্য বিটলসের হয়ে ১৯টি এবং একক বা উইংস ব্যান্ডের সাথে আরও ৮টি সহ বিলবোর্ড টু হান্ড্রেড অ্যালবামের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন এই তারকা।