নভেম্বর ১০, ২০২৬, ০১:৪৯ এএম
যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, দুই ব্যক্তি আগুনে পুড়ছেন এবং আতঙ্কে ছোটাছুটি করছেন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ‘সিগমা আলফা ইপসিলন’ নামক একটি ছাত্র সংস্থাকে (ফ্র্যাটার্নিটি) সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে জোরালো তদন্ত শুরু হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একজনের সোয়েটপ্যান্টে আগুন লেগেছে এবং তিনি অপর এক ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে দ্বিতীয় ব্যক্তির পোশাকেও আগুন ধরে যায়। আশপাশে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনার সময় সেখানে উপস্থিত অনেককে দলীয় পোশাক পরে থাকতে দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বেঞ্জামিন জনসন গণমাধ্যমকে জানান, অত্যন্ত উদ্বেগজনক এই ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিগমা আলফা ইপসিলন ফ্র্যাটার্নিটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং বিষয়টি আইনপ্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
কলম্বাস পুলিশের সার্জেন্ট জো আলবার্ট জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনাটি শনিবার ঘটেছিল। তবে ঘটনার দিন পুলিশের কাছে কোনো জরুরি কল আসেনি। পরবর্তীতে রোববার সন্ধ্যায় এক ব্যক্তি পুলিশকে ফোন করে অনলাইনে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি জানান। এরপরই পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে।
এদিকে সিগমা আলফা ইপসিলনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ মিচেল এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের সংগঠনের উচ্চ মানদণ্ড ও নিয়মের পরিপন্থী কোনো আচরণের স্থান নেই। পুরো বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে মিলে তারা ঘটনাটি তদন্ত করছেন এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন