সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
গোপন সমঝোতা

গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান: যুদ্ধ নিয়ে মিলছে নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৫:১৩ পিএম

গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান: যুদ্ধ নিয়ে মিলছে নতুন বার্তা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান এবং এজন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমটির সিক্সটি মিনিটস অনুষ্ঠানে ট্রাম্প জানান, যুদ্ধ পরিস্থিতির তীব্রতা বাড়ানোর পক্ষে নন তিনি। তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তির দিকে এগিয়ে যায় এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, কাতারের মধ্যস্থতায় গোপনে একটি চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র, যা পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি এড়াতে এবং বৃহত্তর আলোচনার পথ প্রশস্ত করতে পারে।

তবে ওয়াশিংটন এই চুক্তির সম্ভাবনা নিয়ে কিছুটা সতর্ক অবস্থানে আছে। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ব্যাপারে বলেন, আমরা যে বড় কোনো সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি, তা বলা যাবে না। ট্রাম্প নিজেও স্পষ্ট করেছেন যে, সামরিক পদক্ষেপের বিকল্পটিও বিবেচনায় রাখা হয়েছে।

মূলত, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে ধরাশায়ী হওয়ার পর ইরানে হামলা চালানোর পরিকল্পনা থেকে অনেকটাই সরে এসেছেন ট্রাম্প। এর বদলে এখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতার ওপর জোর দিচ্ছেন তিনি।

অবশ্য, যুক্তরাষ্ট্র, ইরান কিংবা মধ্যস্থতাকারী দেশ কাতার—কেউই চলমান আলোচনার বিষয়বস্তু সম্পর্কে খুব একটা তথ্য প্রকাশ করেনি।

গত মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় আলোচনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ ছিল এই যুদ্ধ।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি ভ্যান্সের এই মূল্যায়নের সঙ্গে দ্বিমত পোষণ করেন না; তিনি স্বীকার করেছেন যে ভোটাররা যুদ্ধটি ভালোভাবে নেয়নি।

তবে তিনি ইরানের ওপর হামলার সিদ্ধান্তটিকে জোরালোভাবে সমর্থন করে বলেন, যদি তাকে আবারও একই সিদ্ধান্ত নিতে হতো, তবে তার উত্তর হতো— নিঃসন্দেহে হ্যাঁ।

ইতোমধ্যে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে কাজে লাগিয়ে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে ইরান। রোববার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মার্কিন ভোটাররা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন হোয়াইট হাউসের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

একইসঙ্গে ইরান হুমকিও দিচ্ছে যে, আবার হামলা হলে যুদ্ধের পরিধি ভৌগোলিকভাবে আরও বিস্তৃত করবে তারা।

চলমান গোপন আলোচনার বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া না গেলেও যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষেরই বেশ কিছু মূল দাবি রয়েছে, যা অন্য পক্ষের কাছে শুরুতেই অগ্রহণযোগ্য বলে মনে হয়।

ট্রাম্প যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে চান, সেখানে তেহরান এটিকে তাদের জাতীয় সার্বভৌমত্বের বিষয় হিসেবে দেখে।

এরই মধ্যে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে ইরান। তাদের স্পষ্ট বার্তা— সাতটি পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে না কিংবা হরমুজ প্রণালী খুলে দেবে না তেহরান। এই শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং সমুদ্রপথে অবরোধ তুলে নেওয়া। তবে শর্তগুলোর বিস্তারিত বিবরণ এখনো জনসমক্ষে আনা হয়নি।

যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কয়েকশ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে ইরান। তেহরান এই মজুতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন চায় এই ইউরেনিয়ামকে লঘু করা হোক অথবা নিরাপদ রাখার জন্য অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হোক। এই বিষয়ে উভয় পক্ষ কতটা অগ্রগতি অর্জন করেছে, তা এখনো স্পষ্ট নয়।

ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল জ্বালানি উৎপাদনের জন্য, সামরিক উদ্দেশ্যে নয়।

ইরানের জন্য পারমাণবিক কর্মসূচি বা হরমুজ প্রণালীর বিষয়ে ছাড় না দেওয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লক্ষ্যও রয়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বিক্রি করা দেশটির জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এছাড়া, বিভিন্ন বিদেশি ব্যাংকে থাকা ইরানের কয়েক বিলিয়ন ডলারের সম্পদও বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে।

ওয়াশিংটন সম্ভবত এখন এই নিষেধাজ্ঞাগুলো শিথিল করার বিষয়টি বিবেচনা করছে; এমন পদক্ষেপ নেওয়া হলে রেকর্ড মুদ্রাস্ফীতির কবলে পড়া ইরানের জনগণের ওপর থেকে তীব্র অর্থনৈতিক চাপ কিছুটা কমতে পারে।

পাশাপাশি, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণও দাবি করছে ইরান।

কাতার উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং একটি খসড়া প্রস্তাবনা তৈরি করেছে, যা নিয়ে ওয়াশিংটন ও তেহরান উভয়ই কাজ করছে এবং প্রয়োজনীয় সংশোধনী আনছে। এই প্রক্রিয়াটি কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে চললেও নতুন করে হামলার আশঙ্কার প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে তা আরও জোরদার হয়েছে।

সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

অবশ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সম্পাদনের পথে বড় ধরনের বাধা রয়ে গেছে। এখন পর্যন্ত উভয় পক্ষই তাদের দাবিতে অটল আছে।

রোববার প্যারিসে গ্রুপ অফ সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দেন যে, উভয় পক্ষই এখনো চুক্তির থেকে অনেক দূরে রয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি। কারণ ইরানের দাবিগুলো কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং কিছু ক্ষেত্রে সেগুলো অত্যন্ত আপত্তিকর, হাস্যকর এবং অবাস্তব।

আরেকটি বিষয় হচ্ছে— পরপর বেশ কয়েক দফা সরাসরি সংঘাতের পর ওয়াশিংটনের ওপর তেহরানের আস্থা প্রায় পুরোপুরি বিলীন হয়ে গেছে। ইরান এখনো ভোলেনি যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলাকালীনই এই সংঘাতের সূত্রপাত হয়েছিল।

ইরানের আশঙ্কা, নিজেদের হাতে থাকা দরকষাকষির কোনো সুযোগ বা শক্তি ছেড়ে দিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও তাদের ওপর হামলা চালাতে পারে। সেক্ষেত্রে ইরান অরক্ষিত হয়ে পড়বে এবং তাদের হাতে আলোচনার জন্য কার্যকর কোনো হাতিয়ার থাকবে না। হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পর যদি ইরান আক্রান্ত হয়, তবে তারা আরও বেশি অসহায় হয়ে পড়বে এবং আলোচনার টেবিলে তাদের অবস্থান অত্যন্ত দুর্বল হয়ে যাবে।

আর ট্রাম্পকে একদিকে আরব মিত্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ভারসাম্য রক্ষা করতে হচ্ছে—যারা সবাই ইরানকে একটি হুমকি হিসেবে দেখে। অন্যদিকে, ইরান থেকে বড় কোনো ছাড় আদায় না করেই যদি তিনি এই সংঘাত থেকে সরে আসেন, তবে তাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হতে পারে।

এছাড়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে নিজেদের আঞ্চলিক প্রক্সি বাহিনী ও মিত্রদের সুরক্ষাও নিশ্চিত করতে চায় তেহরান। এই সশস্ত্র গোষ্ঠীগুলো আঞ্চলিক পর্যায়ে ইরানের হয়ে লড়াই করেছে এবং তেহরানের প্রতি অনুগত; তবে গত তিন বছরে তারা অস্তিত্ব সংকটের মুখে পড়েছে।

গত সেপ্টেম্বরে ইয়েমেনে ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা একটি দ্রুতগতির অভিযান চালিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দখল করে নেয়, যা তেহরানকে আরেকটি জলপথের ওপর সম্ভাব্য প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে। ইয়েমেন সরকারকে রিয়াদ সামরিক সহায়তা দিচ্ছে—এর প্রতিক্রিয়ায় হুথিরা সৌদি আরবের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র চায় না যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থাকুক—যার মধ্যে এমন উন্নত সরঞ্জামও অন্তর্ভুক্ত, যা তাদের এই কাজে সহায়তা করতে পারে।

ইরানের আরব প্রতিবেশীরাও এমন যেকোনো চুক্তির বিষয়ে বিভক্ত, যা তেহরানকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করবে এবং তাদের কাঙ্ক্ষিত আধিপত্যকে সুসংহত করবে। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চায়। এটি এমন একটি সামুদ্রিক পথ, যার মাধ্যমে ধনী আরব রাষ্ট্রগুলো তাদের অধিকাংশ তেল ও গ্যাস রপ্তানি করে। এই জলপথের নিয়ন্ত্রণ পেলে ওই অঞ্চলে কী আসবে বা কী যাবে, তার ওপর নির্ণায়ক প্রভাব বিস্তার করতে পারবে তেহরান। এটি যুক্তরাষ্ট্রের দাবিরও পরিপন্থী; কারণ যুক্তরাষ্ট্র চায় জলপথগুলো উন্মুক্ত থাকুক এবং তারা কখনোই চাইবে না যে, যুদ্ধের মাধ্যমে ইরান যে প্রধান সুবিধাগুলো অর্জন করতে চাইছে, তা পাকাপোক্ত হোক।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা সফল হওয়ার সম্ভাবনা এখনও অনেক কম। একদিকে সুর নরম করলেও ইরানে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা মাথায় রেখে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; অন্যদিকে ইরানও যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেই চালিয়ে যাচ্ছে আলোচনা। তাই যুদ্ধ বন্ধের ব্যাপারে খুব বেশি আশার আলো দেখা যাচ্ছে না এখন পর্যন্ত।

তবে সম্প্রতি কিছু হামলার ঘটনা ঘটলেও যুক্তরাষ্ট্র ও ইরান—কোনো পক্ষই সেগুলোকে খুব একটা গুরুত্ব দেয়নি। সম্ভবত এর অর্থ হলো, আলোচনার প্রক্রিয়াটিকে টিকিয়ে রাখতে সহনশীলতা দেখাচ্ছে উভয় পক্ষই।