সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

নেপালের বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৩:৩৩ পিএম

নেপালের বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নেপালের বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক মুহূর্ত এবং বাংলাদেশের ইতিহাসে এ দিবসের তাৎপর্য স্মরণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির পাশাপাশি নেপালে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূতগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দূতাবাসের অডিটোরিয়ামে বাংলাদেশ ও নেপালের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে দিবসটির ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতি গঠন প্রক্রিয়ায় এর অবদান এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা বহুদলীয় গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে দেশের জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুরক্ষায় জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষা ধারণ ও সংরক্ষণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা আলোচনায় উঠে আসে।

সমাপনী বক্তব্যে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান বাংলাদেশের জাতীয় জীবনে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন। তিনি এই দিনটিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে বলেন, এদিন সৈনিক ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং পরবর্তীতে গভীর সংকট থেকে দেশকে উত্তরণের দায়িত্ব তাঁর ওপর অর্পিত হয়।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, জাতীয় নেতা হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা ও সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করে। বাংলাদেশে উৎপাদনমুখী রাজনীতির পথিকৃৎ হিসেবে তাঁর ভূমিকা ও সুদূরপ্রসারী অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি মন্তব্য করেন। প্রচারসর্বস্ব রাজনীতির পরিবর্তে উৎপাদনমুখী রাজনীতির প্রবর্তন এবং জাতীয় নীতিনির্ধারণে বাংলাদেশি জাতীয়তাবাদের অন্তর্ভুক্তি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার মাধ্যমে তিনি বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তি স্থাপন করেন বলে রাষ্ট্রদূত জানান।

সর্বশেষে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি জাতীয় উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সরকারের প্রচেষ্টায় সহযোগিতা করার আহ্বান জানান রাষ্ট্রদূত শফিকুর রহমান। সার্ক ও আইসিআইমওডি (ICIMOD) সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নেপালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ শতাধিক অতিথি এই অনুষ্ঠানে অংশ নেন।