সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ১০:২৪ এএম

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

গাজার দেইর আল-বালাহ এলাকায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যুর পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। ভারি বৃষ্টিতে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে শীত ও বর্ষার মৌসুম কেবল শুরু হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত রোববার দেইর আল-বালাহ এলাকায় একটি বালুর বাঁধ ধসে পড়ে। এর নিচে থাকা মানুষ নিজেদের রক্ষা করার কিংবা সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ পাননি। এই আকস্মিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

গাজায় বাস্তুচ্যুত পরিবারগুলো এখনো অত্যন্ত অস্থায়ী ও দুর্বল তাঁবুতে বসবাস করছে। অনেক পরিবারকে এমন খোলা ও অস্থিতিশীল জায়গায় আশ্রয় নিতে হয়েছে, যেখানে ভারি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ন্যূনতম ব্যবস্থা নেই। ছেঁড়া কাপড়ের তৈরি এসব তাঁবু বৃষ্টি ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ। এমনকি শীতের সময় প্রয়োজনীয় উষ্ণতাও দিতে পারছে না এসব তাঁবু।

বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা গাজার বাস্তুচ্যুত মানুষের বসবাসের ভয়াবহ ও নাজুক পরিস্থিতিকে আবারও বিশ্ববাসীর সামনে এনেছে। ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে এসব মানুষ এখন চরম মানবেতর জীবনযাপন করছেন। তাদের অনেকেরই কোনো নিরাপদ আশ্রয় নেই বললেই চলে।

শীত ও বৃষ্টির মৌসুমের ঠিক শুরুতেই এমন দুর্ঘটনা ঘটায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামনে বৃষ্টিপাত বাড়লে একই ধরনের মারাত্মক ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রধান ভয়, চলমান সংকটের মধ্যে এই বিপর্যয় আরও অনেক প্রাণহানির কারণ হতে পারে।

গাজা সিভিল ডিফেন্স এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা দীর্ঘদিন ধরে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী প্রবেশের সুযোগ দেওয়ার জোরালো আহ্বান জানিয়ে আসছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে উন্নতমানের অস্থায়ী তাঁবু ও ভ্রাম্যমাণ ঘর। বাস্তুচ্যুত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য এসব সামগ্রী অবিলম্বে সরবরাহ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাতের পক্ষগুলোর মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়েও এসব ত্রাণসামগ্রী গাজায় প্রবেশের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রবেশের ওপর পরিকল্পিতভাবে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।

এর ফলে একদিকে ইসরায়েলের অব্যাহত হামলার ঝুঁকিতে থাকতে হচ্ছে ফিলিস্তিনিদের, অন্যদিকে শীত ও বৃষ্টির মৌসুমেও তারা পর্যাপ্ত আশ্রয় পাচ্ছেন না। সব মিলিয়ে অবরুদ্ধ গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে।