নভেম্বর ৯, ২০২৬, ১০:০১ এএম
রেসিডেন্সি বা আকামা, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন অবৈধ প্রবাসীকে স্বদেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে এসব আইন ভঙ্গের দায়ে আরও ১১ হাজার ৫৮৭ জনকে আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পরিচালিত এই সমন্বিত অভিযানে সংশ্লিষ্ট কারাদণ্ড, জরিমানা ও বহিষ্কারের পদক্ষেপ নেওয়া হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক সপ্তাহের এই অভিযানে আবাসিক বা আকামা আইন ভঙ্গের দায়ে ৬ হাজার ৪৩ জন, সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ৩ হাজার ১৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩৫৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
অভিযান পরিচালনাকারী সীমান্ত রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, উক্ত সময়ে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬৭৮ জনকে আটক করা হয়। একই সঙ্গে বেআইনিভাবে দেশ ত্যাগের চেষ্টাকালে আরও ১৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে সহায়তার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
বর্তমানে দেশটিতে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে তাঁদের নিজ নিজ দেশীয় দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ৯ হাজার ১৩৯ জনকে নিজ খরচে ও সহায়তায় সৌদি ছাড়ার আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। সৌদি সরকার কঠোর ভাষায় সতর্ক করে জানিয়েছে, নিয়মবহির্ভূতভাবে বসবাস বা অনুপ্রবেশকারীদের কোনো প্রকার সহায়তা দেওয়া হলে তাঁদের বিরুদ্ধেও সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন