নভেম্বর ৯, ২০২৬, ১২:২৯ পিএম
দিনের শেষ সময়ে সূর্য যখন অস্ত যেতে শুরু করে, তখন অনেকের মনেই প্রশ্ন জাগে যে, এই সময়ে ওই দিনের আসরের নামাজ আদায় করা যাবে কি না। বিশেষ করে কোনো অনিবার্য কারণে আসরের নামাজ নির্ধারিত সময়ে পড়া সম্ভব না হলে সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে নামাজ আদায়ের বিধান কী—তা নিয়ে অনেকের মনে কৌতূহল থাকে। এ ছাড়া নামাজ পড়া অবস্থায় সূর্যাস্ত শুরু হলে নামাজের কোনো সমস্যা হবে কি না, সে বিষয়েও ইসলামী শরিয়তে সুস্পষ্ট বিধান দেওয়া হয়েছে।
ইসলামী মাসআলা-মাসায়েলবিষয়ক ওয়েব পোর্টাল মুসলিম বাংলায় প্রকাশিত ফতোয়ায় এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন মুফতি মোহাম্মদ আমীর হোসাইন।
ওই ফতোয়ায় স্পষ্টভাবে বলা হয়েছে, সূর্যাস্তের সময়ও ওই দিনের ছুটে যাওয়া আসরের নামাজ আদায় করা জায়েজ। তবে এই সময়ে নামাজ আদায় করা মাকরূহে তাহরিমি বা অত্যন্ত অপছন্দনীয়। যদি কোনো ব্যক্তি আসরের নামাজ আদায়রত থাকা অবস্থায় সূর্যাস্ত হয়ে যায়, তবে তাঁর সেই নামাজ নষ্ট হবে না। যদিও এ অবস্থায় নামাজ আদায় সম্পূর্ণ হয়ে গেলেও তা মাকরুহে তাহরিমি হিসেবেই গণ্য হবে।
তাই শরিয়তের বিধান অনুযায়ী, বিনা ওজরে আসরের নামাজ এত দেরি করা উচিত নয়। বরং সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগেই মুস্তাহাব ওয়াক্তে আসরের নামাজ আদায় করার ব্যাপারে সর্বাত্মক যত্নবান হতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন