সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
ইসলামী জীবন

মানুষের হক নষ্ট করলে তওবা কি যথেষ্ট, ইসলাম কী বলে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৯:৩৭ এএম

মানুষের হক নষ্ট করলে তওবা কি যথেষ্ট, ইসলাম কী বলে

মানুষের হক বা অধিকার রক্ষা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। মহান আল্লাহর ইবাদতে অবহেলা করলে বান্দা তওবার মাধ্যমে ক্ষমা লাভ করতে পারে। কিন্তু মানুষের অধিকার নষ্ট করার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কারণ এখানে আল্লাহর হকের পাশাপাশি একজন মানুষের অধিকারও জড়িত।

ইসলামের শিক্ষা অনুযায়ী, মানুষের হক নষ্ট করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মান কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়। মানুষের হক নষ্ট করার সবচেয়ে ভয়াবহ পরিণতি প্রকাশ পাবে কিয়ামতের মাঠে। সেদিন দুনিয়ার টাকা-পয়সা, সম্পদ কিংবা ক্ষমতা কোনো কাজে আসবে না। বরং মানুষের অধিকার নষ্ট করার বিনিময়ে নিজের নেক আমল অন্যকে দিয়ে দিতে হবে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবিরা উত্তরে নিজেদের ধারণার কথা জানালে তিনি বলেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব হলো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে; অথচ সে কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারো সম্পদ ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে কিংবা কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে প্রত্যেক মজলুমকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। তার নেক আমল শেষ হয়ে গেলে মজলুমদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

ইসলামি আইনবিদ ও গবেষকদের মতে, মানুষের অধিকার নষ্ট করার ক্ষেত্রে তওবা কেবল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং যার অধিকার নষ্ট করা হয়েছে, তার অধিকারও যথাযথভাবে ফিরিয়ে দিতে হবে। আল্লামা আলাউদ্দিন কাসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তওবার পূর্ণতা হলো সম্পদ তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। যখন সম্পদ মালিকের কাছে পৌঁছে যায়, তখন চোরের বিরুদ্ধে তার আর কোনো দাবি অবশিষ্ট থাকে না।

ইমাম নববি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, গুনাহ যদি মানুষের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হয়, তাহলে তওবার জন্য আরও একটি শর্ত রয়েছে। তা হলো মানুষের অধিকারের দায় থেকে মুক্ত হওয়া। যদি সেই অধিকার সম্পদ বা এ জাতীয় কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত হয়, তবে তা তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। আর যদি তা অপবাদ দেওয়ার শাস্তি বা গিবত বা পরনিন্দার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে যার ক্ষতি করা হয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে।

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট করে বলেন, মজলুমের অধিকার জালিমের ক্ষমা প্রার্থনার কারণে বিলুপ্ত হয় না; চাই সে হত্যাকারী হোক কিংবা অন্য কোনোভাবে মানুষের ওপর জুলুমকারী হোক। কেননা শুধু ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে মজলুমের অধিকার রহিত হয় না।

মানুষের হক নষ্ট করার ধরন অনুযায়ী তা ফিরিয়ে দেওয়ার পদ্ধতিও ভিন্ন। কারও সম্পদ আত্মসাৎ করলে তা ফেরত দিতে হবে এবং ঋণ থাকলে পরিশোধ করতে হবে। কারও সম্মানহানি করলে যথাসম্ভব তার সম্মান পুনরুদ্ধার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। গিবত বা অপবাদের ক্ষেত্রে ক্ষতির ধরন বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া এবং যেখানে তার বদনাম করা হয়েছে, সেখানে তার ভালো দিক তুলে ধরা উচিত। তবে অধিকারীকে খুঁজে না পাওয়া গেলে, তিনি মারা গেলে কিংবা সরাসরি ক্ষমা চাইলে নতুন কোনো বড় ক্ষতির আশঙ্কা থাকলে পরিস্থিতি অনুযায়ী বিজ্ঞ আলেমের পরামর্শ নিতে হবে।