নভেম্বর ৯, ২০২৬, ১২:০৬ পিএম
আমন ধানের মাঠজুড়ে ইঁদুরের দাপট ও ধানের শীষ নষ্ট হওয়ার উপদ্রবে যখন কৃষকরা দিশেহারা, ঠিক তখনই দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক ব্যতিক্রমী ও সফল উদ্যোগ নিয়েছেন এক কৃষক। বিষটোপসহ নানা ব্যয়বহুল পদ্ধতি ব্যবহার করেও যখন কাঙ্খিত ফল মিলছিল না, তখন বাঁশের তৈরি চোঙার ফাঁদ ব্যবহার করে ইঁদুর দমনে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের খোসনা গ্রামের কৃষক আসাদুজ্জামান নিজের ফসল রক্ষার তাগিদেই এই অভিনব বাঁশের চোঙার ফাঁদ তৈরি করেন। ফাঁদের ভেতরে কিছু ধান ছড়িয়ে রেখে তা জমিতে পেতে দেওয়া হয়। ধানের লোভে ইঁদুর ফাঁদে প্রবেশ করলেই তা আটকে যায়। কৃষক আসাদুজ্জামান জানান, তিনি প্রতিদিন গড়ে এক থেকে দেড় ডজন পর্যন্ত ইঁদুর নিধন করছেন। তাঁর এই সফলতার কথা ছড়িয়ে পড়ার পর উপজেলা কৃষি অফিস থেকেও তাঁকে পুরস্কৃত করা হয়েছে।
আসাদুজ্জামানের এই ফাঁদের কার্যকারিতা দেখে এলাকার অন্য কৃষকরাও এখন এই পদ্ধতি ব্যবহার করতে শুরু করেছেন। স্থানীয় কৃষকদের মতে, বিষটোপ বা অন্যান্য রাসায়নিক পদ্ধতির তুলনায় এই বাঁশের ফাঁদ তৈরি করতে খরচ খুবই কম, অথচ ফল পাওয়া যাচ্ছে শতভাগ। একটি বাঁশ কেটে সামান্য পরিশ্রমেই এই ফাঁদ তৈরি করা সম্ভব, যা ফসলের মারাত্মক ক্ষতি থেকে মাঠ রক্ষা করছে।
এ বিষয়ে কৃষি বিভাগ জানিয়েছে, একটি পূর্ণবয়সী ইঁদুর বছরে প্রায় পঞ্চাশ থেকে একশ কেজি খাবার নষ্ট করে থাকে। কৃষকরা পরিবেশবান্ধব এই স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ইঁদুর দমন করায় একদিকে যেমন ফসলের সুরক্ষা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে রাসায়নিক ব্যবহারের কারণে পরিবেশের যে ক্ষতি হতো তাও অনেকাংশে রোধ করা সম্ভব হচ্ছে। স্থানীয় কৃষকদের মধ্যে পরিবেশবান্ধব এই পদ্ধতির ব্যবহার বাড়াতে সর্বাত্মক পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন