নভেম্বর ৯, ২০২৬, ১১:৪০ এএম
বিশ্ব জলবায়ু সম্মেলন অর্থাৎ কপ-৩১-এ যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী দশ নভেম্বর তিনি দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় একটি আইক্যাপ সম্মেলনে অবস্থান করছেন।
মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা সম্পন্ন করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন।
এছাড়াও তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবেও কর্মরত ছিলেন। বর্তমানে তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক একজন স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে পেশাগতভাবে যুক্ত রয়েছেন।
কপ-৩১ সম্মেলনে নিজের অংশগ্রহণ প্রসঙ্গে মনিরা শারমিন বলেন, কপ-৩১-এ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে আমার অন্যতম প্রধান দায়িত্ব হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রমের ওয়াচডগ বা পর্যবেক্ষক হিসেবে জোরালো ভূমিকা পালন করা।
তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রকৃত অধিকার ও স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবি আমরা তুলব। আমরা কেবল সরকারের সমালোচনা করতে চাই না, বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতিপ্রস্তাব এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জলবায়ু নীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করে তুলতে চাই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন