নভেম্বর ৯, ২০২৬, ১০:৪১ এএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। গতকাল সোমবার দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে তিনি এই আবেদন করেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তাঁর পক্ষ থেকে দেশে ফেরার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ শাসনের অবসান ঘটেছিল। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে দেশে তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি নিজ দেশে ফিরতে চান। সোমবার তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জনসমক্ষে জানানো হবে।
এর আগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এই সাজা দেওয়া হয়। তবে নির্বাসনে অবস্থানকালে তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
লন্ডনভিত্তিক আইনগত পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে এই চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এমতাবস্থায় তাঁদের মক্কেলের জন্য জরুরি ভিত্তিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্বের মৌলিক অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিলের আওতাধীন বাধ্যবাধকতা অনুসারে এই আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় সরকারপ্রধানের মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন