সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

ইসরায়েলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান গাদি আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ১০:০৭ এএম

ইসরায়েলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান গাদি আইজেনকট

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইয়াশার পার্টির এই নেতাকে এখন জোট সরকার গঠনের দিকে এগোতে হচ্ছে। আর সম্ভাব্য সেই জোট সরকারে দেশটির বিতর্কিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্ত করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার জেরুজালেমে প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে আইজেনকট ইঙ্গিত দিয়েছেন যে, নেতানিয়াহুর পাশাপাশি কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচকেও জোট সরকারে যোগদানের আমন্ত্রণ জানানো যেতে পারে।

গাদি আইজেনকট বলেন, লিকুদ এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি ঐক্যের সময়, তাহলে আমার নেতৃত্বে গঠিত সরকারকে তারা কেন সমর্থন করবেন না, তার কোনো যৌক্তিক কারণ আমার বোধগম্য নয়।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়া আইজেনকট নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় পাচ্ছেন। ওই অনুষ্ঠানে আইজেনকট বলেন, তিনি জনগণের স্বার্থে কাজ করবেন এবং ইসরায়েলি সমাজের সব অংশের প্রতিনিধিত্ব করবেন।

এদিকে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সতর্ক করে বলেছেন, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর দেশটি অনিশ্চয়তার মুখে পড়েছে। ওই নির্বাচনে ইসরায়েল এবং মার্কিন সামরিক সহায়তার কট্টর সমালোচক বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব জয়লাভ করেছেন। যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে হারজগ বলেন, ইসরায়েলের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর নেতৃত্ব দেন আইজেনকট। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রীপরিষদে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তা সত্ত্বেও ইসরায়েলে অবস্থানরত ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো নেতানিয়াহুকে হটাতে আইজেনকটকে সমর্থন জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনে আইজেনকটের চারদলীয় জোট ৪৮টি আসন লাভ করে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন নিশ্চিত করে। তবে উভয় পক্ষই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়। অন্যদিকে আরব দলগুলো রেকর্ড ১৯ আসনে জয়লাভ করে।

আইজেনকট ইতোমধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাদের সঙ্গে জোট বাঁধলে সাতষট্টি আসনের ব্লক তৈরি হতে পারত। অন্যদিকে, দুটি অতি-ডানপন্থি ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস-কে নিজের পক্ষে টানতে পারলে তার ঠিক একষট্টি আসন নিশ্চিত হতো। এ ছাড়া সংসদে আস্থাভোটে জয়ী হলে তিনি একষষ্টির কম আসন নিয়েও সরকার গঠন করতে পারেন।