নভেম্বর ৭, ২০২৬, ১২:৩৭ পিএম
গাজায় ভারী বৃষ্টি ও প্রবল ঝড়ো বাতাসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শত শত তাঁবু প্লাবিত হয়েছে। একই সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে বহু অস্থায়ী আশ্রয়কেন্দ্র। ইসরাইলি হামলায় ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হওয়া হাজার হাজার পরিবার চরম অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন।
প্রতিবছর শীতকালে গাজা উপত্যকাজুড়ে বৃষ্টি ও বন্যায় চরম মানবিক সংকট তৈরি হয়। বছরের পর বছর ধরে স্থায়ী আশ্রয়হীন ফিলিস্তিনিদের জন্য শীতের এই প্রাকৃতিক দুর্যোগ বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান ও গণহত্যা শুরু করে ইসরাইল। সংঘাতের শুরু থেকে ২০২৬ সালের ৫ নভেম্বর পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত এক লাখ ৭৫ হাজার ৯২৫ জন।
গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও ধসে পড়া অবকাঠামোর কারণে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও সহিংসতা ও সামরিক অভিযান পুরোপুরি থামেনি।
যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত গাজায় আরও এক হাজার ৬০২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ সময়ের মধ্যে আহত হয়েছেন পাঁচ হাজার ৭৯৯ জন। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন