নভেম্বর ৭, ২০২৬, ১২:৪৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই মহাসমাবেশে উপস্থিত হন।
এর আগে সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সস্ত্রীক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও চমৎকার প্রদর্শনী উপভোগ করেন।
তারও আগে সকাল সাড়ে ৮টার দিকে তারেক রহমানের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই শোভাযাত্রায় হেঁটে অংশ নেবেন।
দলীয় সূত্র নিশ্চিত করেছে, পুরো শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। শোভাযাত্রাটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের কয়েকটি প্রধান সড়ক অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই শোভাযাত্রার রুট সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালিটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যাবে। এরপর এটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। পরবর্তীতে বাংলামোটর ও ফার্মগেট হয়ে চূড়ান্তভাবে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে র্যালিটির সমাপ্তি ঘটবে।
র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি অংশগ্রহণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সম্পন্ন করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন