নভেম্বর ৭, ২০২৬, ১২:০৪ পিএম
জামালপুরের মেলান্দহে বেপরোয়া ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী এবং তাদের আট মাস বয়সী এক শিশুকন্যা। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী মোরশেদ আলম, তার ২৩ বছর বয়সী স্ত্রী ইকরামা এবং তাদের আট মাস বয়সী শিশুকন্যা রিফা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। ঠিক একই সময়ে জামালপুর দিক থেকে মেলান্দহের দিকে একটি মোটরসাইকেল আসছিল।
ঘটনাস্থলে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সরাসরি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
এতে অটোরিকশায় থাকা পরিবারের সদস্য মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার স্ত্রী ইকরামা ও শিশুকন্যা রিফার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী এবং অটোরিকশার চালকসহ মোট তিনজন গুরুতর আহত হন। উদ্ধারকর্মীরা আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেন, তবে আঘাত গুরুতর হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত স্থানীয় জনতা মেলান্দহের মালঞ্চ এলাকায় ধাওয়া করে গাড়িটি আটক করেন। তবে চালক সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন