শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
সার পাচার প্রতিরোধ

মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ ও আটক ১

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৬, ১০:৫৭ এএম

মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ ও আটক ১

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর পথ ব্যবহার করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশের একটি যৌথ দল সারবোঝাই গাড়িটি আটক করে। এই ঘটনায় মেহেদী হাসান রোমন নামের ২৫ বছর বয়সী এক ট্রাকচালককে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিল্প পুলিশের কচ্ছপিয়া মোড়সংলগ্ন অস্থায়ী চেকপোস্টে নরসিংদীর ঘোড়াশাল থেকে আসা ‍‍`ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১‍‍` নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ১৫ টন ইউরিয়া সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, সারবোঝাই ট্রাকটি আটক করার পরপরই জোরারগঞ্জ থানা পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালামালসহ গাড়িটি নিজেদের হেফাজতে নেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি অসাধু পাচারকারীরা মিরসরাই সংলগ্ন বঙ্গোপসাগর এলাকাকে মিয়ানমারে সার পাচারের অন্যতম নিরাপদ রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

তিনি আরও জানান, আটককৃত চালকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় একই ধরনের অভিযান পরিচালনা করে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।