নভেম্বর ৫, ২০২৬, ০৫:১৩ পিএম
দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ পর্যন্ত বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট তুলে দেন।
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আলহাজ্ব এরশাদুল্লাহ, সংসদ সদস্য সাঈদ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আশাদুল করিম শাহিনসহ চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কর্মসূচিজুড়ে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ব্যক্তিগত সতর্কতা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। শুধু সরকারের বা স্থানীয় প্রশাসনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন যে এর জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। প্রত্যেক নাগরিককে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে তিনি বিএনপির নেতাকর্মীদের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির ধারাবাহিক দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন