শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
এআই প্রযুক্তি ও অপব্যবহার

এআই প্রযুক্তি নিয়ে কঠোর সতর্কবার্তা দিলেন মসজিদুল হারামের ইমাম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৬, ০৭:১৩ পিএম

এআই প্রযুক্তি নিয়ে কঠোর সতর্কবার্তা দিলেন মসজিদুল হারামের ইমাম

ছবি: সংগৃহীত

মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠ নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ। এসব কর্মকাণ্ড মানুষের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ন করে বলেও সতর্ক করেছেন তিনি।

গত ৯ অক্টোবর জুমার খুতবায় এসব কথা বলেন শায়খ সুদাইস। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খুতবায় তিনি উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কারও ভিডিও বিকৃত করা, কণ্ঠ নকল করা কিংবা অন্যের নামে মিথ্যা বক্তব্য ও ছবি প্রচার করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মিথ্যাচারের শামিল।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জন্য আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। তাই এসব প্রযুক্তি প্রতারণা বা মানুষের ক্ষতি করার কাজে ব্যবহার না করে বরং কল্যাণকর ও মানবসেবামূলক কাজে লাগানো উচিত।

যাচাই না করে কোনো তথ্য ছড়ানোর ফল সম্পর্কে সতর্ক করে শায়খ সুদাইস বলেন, কোনো খবর, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা জরুরি। যাচাই না করে তথ্য ছড়ালে সমাজে গুজব তৈরি হতে পারে, মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে এবং সামষ্টিক আস্থার মারাত্মক ক্ষতি হতে পারে।