নভেম্বর ৬, ২০২৬, ০৭:২৯ পিএম
মোটরসাইকেলসহ সকল চালকদের জন্য কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি শিক্ষানবিশ লাইসেন্সধারীদের জন্য বিশেষ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে বিআরটিএর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এই নির্দেশনা তুলে ধরা হয়।
নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া শিক্ষানবিশ লাইসেন্সধারী ব্যক্তি কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন এবং গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে।
বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স অর্জনের আগের ধাপে যখন কেউ গাড়ি চালানো শেখেন, তখন চালককে শিক্ষানবিশ চালক বা লার্নার হিসেবে গণ্য করা হয়।
প্রচলিত মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, একজন শিক্ষানবিশ চালক যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হন, তখন গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের একটি বড় ‘L’ চিহ্ন লিখে বা বোর্ড ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক।
রাস্তায় চলাচলকারী অন্যান্য যানবাহনের চালকরা যেন দূর থেকেই ‘L’ চিহ্ন দেখে বুঝতে পারেন যে গাড়িটি নতুন কেউ চালাচ্ছেন এবং তারা যেন পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে পথ চলেন, সেজন্যই এই নিয়ম নির্ধারিত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন