শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের মরদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৬, ০৭:৫১ পিএম

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের মরদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ ফরিদপুরে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ এম এন একাডেমির মাঠে মরদেহবাহী হেলিকপ্টারটি অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টা ৪৮ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আফজাল শেখের ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন।

পরিবার ও আইএসপিআর সূত্রে জানা যায়, তিতাস সেনাবাহিনীর এক বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাবা আফজাল শেখ একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং ছোট ভাই আকরাম হোসেনও সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তিনি ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেছিলেন। চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারের সঙ্গে তার বিয়ে হয় এবং আগামী ডিসেম্বরে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়ার কথা ছিল।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, গ্রামের বাড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার মরদেহ দাফন করা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে। প্রথমে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে রামু সিএমএইচে নেওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।