অক্টোবর ১০, ২০২৬, ০২:৫০ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অভিযানে ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় সড়ক ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফ উদ্দিন।
তার নেতৃত্বে ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই অভিযান পরিচালিত হয়। এডিস মশার বিস্তার ঠেকাতে মাঠপর্যায়ে তদারকির পাশাপাশি সরাসরি কাজে অংশ নেন এই কর্মকর্তা।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফ উদ্দিন জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার কোনো বিকল্প নেই। উপজেলার বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য ও পানি দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দেওয়া হচ্ছে। মশার বিস্তার ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
অভিযানে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোছা. মরিয়ম বেগম, উপজেলা ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার মো. আতিউর রহমান এবং মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মো. মোসাদ্দেক হোসেন। এছাড়া নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আনিছুর রহমানসহ ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রম উপজেলার অন্যান্য এলাকায় অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন