বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
কৃষি প্রণোদনা

বীরগঞ্জে ২ হাজার ৫৭০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জাহিদ হাসান

নভেম্বর ২৫, ২০২৬, ০২:৩০ পিএম

বীরগঞ্জে ২ হাজার ৫৭০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বীরগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বিএনপি সরকার সব সময় কৃষিবান্ধব সরকার এবং কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকার ব্যাপক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। সরকারিভাবে বিনামূল্যে দেওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করার পাশাপাশি ফসলের জমিতে নিয়মিত পরিচর্যা ও যত্ন নিয়ে ভালো ফলন নিশ্চিত করতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান। কেবল বীজ ও সার পেলেই হবে না, সঠিক পদ্ধতিতে চাষাবাদ ও প্রয়োজনীয় পরিচর্যার প্রতিও সবাইকে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এবারের মৌসুমে কৃষকদের ফসলের ফলন পর্যবেক্ষণ করা হবে জানিয়ে সংসদ সদস্য বলেন, যারা সবচেয়ে ভালো ফলন অর্জন করতে পারবেন, তাদের তার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। কৃষকদের আরও উৎসাহিত করতে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রতিযোগিতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ৭০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার প্রদান করা হবে।

কৃষকদের যেকোনো প্রয়োজনে উপজেলা কৃষি অফিস সব সময় পাশে থাকবে উল্লেখ করে কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং চাষাবাদ, ফসলের পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দেবেন। ভালো ফলন নিশ্চিতে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

প্রণোদনার সহায়তা পেয়ে উপকারভোগী কৃষক পরিতোষ চন্দ্র রায় বলেন, সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের খরচ অনেকটা কমবে এবং বিশেষ করে সরিষা চাষে এই সহায়তা বেশ উপকারী হবে।