নভেম্বর ২৪, ২০২৬, ০৯:০৬ পিএম
প্রায় তিনশ বছরের ঐতিহ্য ধরে রেখে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী কান্তজিউ রাস মেলা। মঙ্গলবার রাতে রাস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
দিনাজপুর ও দেশের বিভিন্ন এলাকা ছাড়াও ভারত থেকে বহু দর্শনার্থী এই উৎসবে অংশ নেন। এক মাসব্যাপী আয়োজনে সনাতন ধর্মের পূজা-অর্চনাসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি চলছে।
মেলাকে ঘিরে বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠেছে। পাশাপাশি রাখা হয়েছে সার্কাস, পুতুল নাচসহ নানা আয়োজন।
ধর্মীয় গ্রন্থ অনুযায়ী, শ্রীকৃষ্ণের বহু লীলার মধ্যে রাসলীলা শ্রেষ্ঠতম। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ তাঁর গোপীদের নিয়ে বৃন্দাবনে রাস উৎসবে মেতে উঠতেন।
সেই ধারা অনুসরণ করে দিনাজপুরের কান্তজিউ মন্দির নির্মাণের পর ১৭৫২ সাল থেকে প্রতিবছর এই উৎসবের আয়োজন হয়ে আসছে।
দূরদূরান্ত থেকে হিন্দু ধর্মীয় গুরু, সাধু ও ভক্তরা দল বেঁধে মেলায় আসেন। ভাগ্য পরিবর্তন, ভাগ্যলিপি, বিগত দিনের অনুশোচনা এবং আগামী দিনের সুষ্ঠু জীবনযাপনের কামনায় ভক্তরা কান্তজিউ মন্দিরে স্রষ্টার কাছে পূজা দেন।
মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে মন্দির ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের নির্মাণকাজ শুরু করেন মহারাজা প্রাণনাথ ১৭০৪ সালে। তাঁর মৃত্যুর পর ছেলে রাজা রামনাথ ১৭৫২ সালে নির্মাণকাজ শেষ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন