রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে যুবলীগ নেতা শুভ মিয়া গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে

অলিউর রহমান মিরাজ

নভেম্বর ২২, ২০২৬, ০৯:৫৩ পিএম

নবাবগঞ্জে যুবলীগ নেতা শুভ মিয়া গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শুভ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনাজপুরের এই উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের দেওগা গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শুভ মিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এবং ওই গ্রামের কোমল মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে কয়েকজন ব্যক্তি সমবেত হন। সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে এবং ওই সময় শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, জড়ো হওয়া ব্যক্তিদের কাছে পশু জবাইয়ের কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র থাকার অভিযোগ আনা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের একজন কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।