রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

২৯ বিজিবির বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ফেন্সিডিল ও সিরাপ জব্দ দিনাজপুরে

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২২, ২০২৬, ০২:৫৭ পিএম

২৯ বিজিবির বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ফেন্সিডিল ও সিরাপ জব্দ দিনাজপুরে

দিনাজপুরের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২১ নভেম্বর ২০২৬ রাতে বিশেষ অভিযান চালিয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি। ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথকভাবে এই অভিযান চালানো হয়।

মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে ৬২২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট।

পাশাপাশি ১০ বোতল ফেন্সিডিল এবং বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে ১ হাজার ৫০ বোতল। জব্দকৃত এসব মালামালের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা, যা তিন লক্ষ আটচল্লিশ হাজার একশত টাকার সমান।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।