রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযান বিপুল মাদক জব্দ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৮:৫৬ পিএম

ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযান বিপুল মাদক জব্দ

বিজিবির অভিযানে জব্দ মাদক -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। গত ১৯ ও ২০ মার্চ ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ১৯ ও ২০ মার্চ পৃথক পৃথক সময়ে ২৯ বিজিবির অধীনস্থ দাইনুর, খানপুর, রুদ্রানী ও চৌঠা বিওপি (বর্ডার আউটপোস্ট) এবং কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। 

মোট পাঁচটি পৃথক অভিযানে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৫৪০ পিস ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট, ৪৬ বোতল বিদেশি মদ এবং ৩৮৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে এসব মাদক ও চোরাচালানি পণ্য বাংলাদেশে আনা হয়েছিল। বিজিবির নিয়মিত টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী ধ্বংস বা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।