নভেম্বর ২২, ২০২৬, ০৬:২৮ পিএম
কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার ২২ নভেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিকের পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ৫ নভেম্বর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানের সময় গুলিবিনিময়ে কর্তব্যরত অবস্থায় সৈনিক মো. তিতাস শেখ নিহত হন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
দিনাজপুর টিভি ডট কম-এর সংবাদ সংগ্রহে প্রাপ্ত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিহত সৈনিকের পরিবারকে সহায়তা দিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন