নভেম্বর ২১, ২০২৬, ০৮:১০ পিএম
যথাযথ মর্যাদায় সিলেট সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা।
অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আফতাব হোসেন। স্বাগত বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং ওই অঞ্চলের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বক্তব্যে মেজর জেনারেল মো. আফতাব হোসেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান তিনি উল্লেখ করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়েও আলোকপাত করেন জিওসি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন