নভেম্বর ২১, ২০২৬, ০৬:৫৪ পিএম
সাভারের আশুলিয়ায় অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ, যেখানে শ্রমিকরা কার্ড পাঞ্চ করে হাজিরা দিলেও উৎপাদন কাজে অংশ নেননি। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায়, কাজ নেই বেতন নেই ভিত্তিতে, আরও ১১টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে।
শনিবার সকালে আশুলিয়ার নিশ্চিতপুর, নরসিংহপুর ও কাঠগড়া এলাকায় এই পরিস্থিতি তৈরি হয়।
সকালে নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় শ্রমিকদের সকাল ৮টার বদলে ৭টায় কাজে উপস্থিত হতে বলা হয়েছিল। সময় পরিবর্তনের প্রতিবাদে শ্রমিকরা ভেতরে ঢুকে হাজিরা দিয়েই বেরিয়ে আসেন। এরপর চলমান ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনের অংশ হিসেবে আশপাশের আরও কয়েকটি কারখানায় কর্মবিরতি শুরু হলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
একই দিন সকালে কাঠগড়া এলাকায় পোশাক শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও আন্দোলনের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে উৎপাদন কাজ চলছে, আর কাঠগড়া এলাকায় আন্দোলনের চেষ্টার সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন