শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

সশস্ত্র বাহিনী দিবসে ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

জাতীয় ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৬:৩৪ পিএম

সশস্ত্র বাহিনী দিবসে ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী সবার আগে বাংলাদেশ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং চব্বিশের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।

প্রধানমন্ত্রীর ভাষায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম ও প্রধান দায়িত্ব হলো যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, আর দ্বিতীয়টি হলো শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সশস্ত্র বাহিনীর ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে, এবং সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান উই রিভোল্ট ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী জানান, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।

তিনি বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি এবং ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। ওই হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা দেশবাসীর জানা।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

তার মতে, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।

বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ।

চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।

সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি তাদের এবং পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক বলে জানান প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

দেশ ও বিদেশে দায়িত্ব পালনের প্রশংসা করে তারেক রহমান বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত এলাকায় যখনই প্রয়োজন হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা সুনাম অর্জন করেছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী দেশে-বিদেশে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহত সদস্যদের প্রতিও তিনি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বন্ধুপ্রতিম দেশ ও তাদের জনগণের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতায় তাদের অব্যাহত সমর্থন কামনা করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অব্যাহত অংশগ্রহণ ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহৎ প্রচেষ্টায় বাংলাদেশের সদস্যরা পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী সেনানিবাসে এসে ব্যক্তিগতভাবে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করেন। তিনি জানান, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন।

তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আর ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার জীবনের শেষ অংশগ্রহণ।

সবশেষে প্রধানমন্ত্রী তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।