অক্টোবর ২৪, ২০২৬, ০৫:২১ পিএম
দিনাজপুরে চাকরির মেলা উপলক্ষে বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এক বৃহৎ আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় অংশ নিচ্ছে দেশি-বিদেশি প্রায় ৮০টি শীর্ষস্থানীয় করপোরেট ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। তরুণ চাকরিপ্রত্যাশীদের জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তাৎক্ষণিক কর্মসংস্থানের সুযোগ রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।
ইতিমধ্যে মেলায় যোগ দিতে ১৬ হাজারের বেশি প্রার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।
দিনাজপুর-৬ আসনসহ গোটা উত্তরাঞ্চলের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং জাতীয় অর্থনীতির মূল স্রোতে সংযুক্ত করতে ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’ শীর্ষক এই উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এই মেলার সমন্বয় করা হচ্ছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলা প্রাঙ্গণে অন্তত ২০ হাজার চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে দেশের উৎপাদন ও সেবা খাতের প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থেকে আবেদন যাচাই ও সরাসরি মৌখিক পরীক্ষা নেবেন।
আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে মেলায় অংশ নিচ্ছে ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন এবং আরডিআরএস।
শিল্প ও ভোগ্যপণ্য উৎপাদন খাত থেকে থাকছে প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপের ফ্রেশ, লিরা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপ।
আর্থিক লেনদেন ও ব্যাংকিং খাত থেকে যোগ দিচ্ছে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
ওষুধ ও স্বাস্থ্যসেবা বিভাগে প্রতিনিধিত্ব করছে ইনসেপ্টা, অ্যাকমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস এবং নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও অন্যান্য সেবায় যুক্ত হচ্ছে রবি আজিয়াটা, পাঠাও, ব্রেইন স্টেশন ২৩, নূর টেলিকম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এইচএল রিয়েল এস্টেট, অঞ্জনা, শিক্ষা ২.০ এবং কমুর।
সরাসরি নিয়োগ ছাড়াও বর্তমান চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে অভিজ্ঞ পরামর্শকদের দিকনির্দেশনামূলক সেশন রাখা হয়েছে। স্থানীয় পর্যায়ের চাকরিপ্রত্যাশীদের সঙ্গে জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের সরাসরি সেতুবন্ধন তৈরির মধ্য দিয়ে উত্তরাঞ্চলের তরুণ সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রক্রিয়া হিসেবে এই মেলাকে বিবেচনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন