শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
যৌন নিপীড়ন বিতর্ক

বলাৎকারের সময় তোদের প্রতিবাদ কই থাকে, আলেমদের প্রশ্ন ছুড়লেন তাহেরী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৬, ০৪:৩৪ পিএম

বলাৎকারের সময় তোদের প্রতিবাদ কই থাকে, আলেমদের প্রশ্ন ছুড়লেন তাহেরী

ছবি: সংগৃহীত

মাদ্রাসায় শিশুর প্রতি অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে চড় মারার ঘটনায় প্রতিবাদ জানানো আলেমদের তীব্র সমালোচনা করেছেন ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। শিক্ষককে মারধরের বিরোধিতাকারীদের একাংশকে দালাল আখ্যা দিয়ে তিনি মাদ্রাসার ভেতরে শিশুদের ওপর হওয়া যৌন নিপীড়ন ও বলাৎকারের ঘটনাগুলোর বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলে তাহেরী বলেন, একটি শিশুকে চুমু দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে থাপ্পড় মারার ঘটনায় গোটা আলেম সমাজের একটি অংশ মাঠে নেমে গেছে। অথচ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীদের সাথে চলা দীর্ঘদিনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের কোনো জোরালো ভূমিকা দেখা যায় না।

তিনি উল্লেখ করেন, অতীতে বহু মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো ন্যক্কারজনক ঘটনার ইতিহাস রয়েছে। তাই শিশুদের আদর করার নামে স্পর্শ করার ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

তাহেরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনা ঘটার পর একদল ব্যক্তি দাবি করছেন শিশুকে আদর করা সুন্নত এবং শিক্ষককে আঘাত করে আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায় হয়েছে।

আইনের দোহাই দেওয়া এসব ব্যক্তির উদ্দেশে প্রশ্ন রেখে এই বক্তা বলেন, যখন কোনো মাদ্রাসায় অবুঝ শিশুদের ওপর চরম নিপীড়ন চালানো হয়, তখন এদের প্রতিবাদ কোথায় হারিয়ে যায়। তিনি স্মরণ করিয়ে দেন, মসজিদের ইমাম রইছ উদ্দিনকে যখন দলবদ্ধ সহিংসতায় পিটিয়ে হত্যা করা হয়েছিল, তখনো এই গোষ্ঠী কোনো সোচ্চার ভূমিকা পালন করেনি।