শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
পুলিশের গাড়িতে হামলা

পুলিশের টহল গাড়িতে ছাত্রলীগের হামলা, দুই সদস্যকে মারধরের অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৬, ০৫:২৭ পিএম

পুলিশের টহল গাড়িতে ছাত্রলীগের হামলা, দুই সদস্যকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের একটি নিয়মিত টহল গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা পুলিশের দুই সদস্যকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়া এবং এক পুলিশ কনস্টেবল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে খেয়াঘাট এলাকার দিকে অগ্রসর হন মিছিলকারীরা। মিছিলটি খেয়াঘাট এলাকায় পৌঁছানোর পর সেখানে দায়িত্বরত পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় এবং গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়। হামলার পরপরই পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে গোটা রঘুনাথপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় সাধারণ মানুষের মাঝে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে কোনো কারণ ছাড়াই অতর্কিতভাবে পুলিশের টহল গাড়িতে হামলা ও ভাঙচুর চালান এবং পুলিশ সদস্যদের ওপর শারীরিক আক্রমণ করেন। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।