শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
ট্রাম্পের আক্ষেপ

৮ যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৬, ০৬:০০ পিএম

৮ যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে বৈশ্বিক সংঘাত নিরসনের কৃতিত্ব দাবি করে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ফ্লোরিডায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, নিজের মেয়াদে তিনি বিশ্বের অন্তত আটটি বড় যুদ্ধের সফল নিষ্পত্তি করেছেন।

উপস্থিত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি, অথচ আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।

ভাষণে তিনি বিশেষভাবে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনা থামানোর নিজস্ব কৌশল তুলে ধরেন। ট্রাম্প দাবি করেন, গত বছর দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত ছড়িয়ে পড়ার সময় তিনি তাদের যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করে দেওয়ার এবং ২৫০ শতাংশ শুল্ক আরোপের প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, এই চরম অর্থনৈতিক শাস্তির হুমকির পরই দুই দেশ সীমান্তে গোলাগুলি বন্ধ করতে বাধ্য হয়।

তিনি উল্লেখ করেন, আমি তাদের বলেছিলাম, তোমরা যদি এমনটা করো, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করতে পারবে না। আমি তোমাদের দুদেশের পণ্যের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপ করব, যাতে তোমরা কোনো ব্যবসাই করতে না পারো।

ট্রাম্পের দাবি, তাঁর এই পদক্ষেপে ভারত ও পাকিস্তান ক্ষুব্ধ হলেও শেষ পর্যন্ত অস্ত্রবিরতিতে সম্মত হয় এবং যুদ্ধের অবসান ঘটে।

ওই সীমান্ত উত্তেজনার সময় ১১টি সামরিক বিমান ভূপাতিত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে কোন পক্ষের কয়টি বিমান ভূপাতিত হয়েছিল, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করেননি তিনি।

নিজের কূটনৈতিক পদক্ষেপে বৈশ্বিক সংস্থাগুলোর ওপর নির্ভর না করার বিষয়টি গর্বের সাথে তুলে ধরে ট্রাম্প বলেন, এসব সংঘাত বন্ধ করতে তিনি জাতিসংঘের কোনো সহায়তা নেননি। এমনকি সংস্থাটির কোনো কর্মকর্তার কাছে একবারের জন্য ফোনও করেননি। তিনি দাবি করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বিশ্বে এতগুলো যুদ্ধ চলমান থাকার বিষয়টি তাঁর জানা ছিল না, তবে তিনি একের পর এক সংঘাতের অবসান ঘটিয়েছেন এবং বর্তমানে আর মাত্র কয়েকটি সংঘাত বাকি রয়েছে।