রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

অস্ত্র রপ্তানি শিথিলের প্রশ্নে সুইজারল্যান্ডে গণভোট

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৩৫ পিএম

অস্ত্র রপ্তানি শিথিলের প্রশ্নে সুইজারল্যান্ডে গণভোট

সুইজারল্যান্ডের পার্লামেন্ট ভবন। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

সুইজারল্যান্ডে অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিলের প্রস্তাবে রোববার গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

এ ভোটে দেশটির নিরপেক্ষতা ও মানবিক ঐতিহ্যের সঙ্গে নিরাপত্তা উদ্বেগ এবং অস্ত্রশিল্পের স্বার্থ মুখোমুখি হয়েছে।

বর্তমানে সুইজারল্যান্ড সশস্ত্র সংঘাতে জড়িত কোনো দেশে অস্ত্র রপ্তানি করে না।

এ ছাড়া সুইজারল্যান্ডের তৈরি অস্ত্র অন্য কোনো দেশে হস্তান্তর করতে চাইলে ক্রেতা দেশকে অবশ্যই সুইস কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।

তবে দেশটির সরকার বলছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির হিসাব-নিকাশ বদলে গেছে।

গত বছর দেশটির পার্লামেন্ট অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিল করে আইন সংশোধন করে।

সরকারও এ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে।

তবে সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থায় বামপন্থী দল ও বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগে এ বিষয়ে গণভোটের আয়োজন করা হয়েছে।

তাদের যুক্তি, আইনের এ সংশোধন দেশটির নিরপেক্ষতার নীতিকে ঝুঁকির মুখে ফেলবে।

সুইজারল্যান্ডের দাতব্য সংস্থা ক্যারিটাসের প্রেসিডেন্ট মনিকা মাইরে-হেফতি বলেন, এতে সুইস অস্ত্র পরোক্ষভাবে গৃহযুদ্ধে ব্যবহৃত হওয়ার কিংবা আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী শাসকগোষ্ঠীর হাতে পৌঁছানোর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

মধ্যপন্থী ও ডানপন্থী দলসহ প্রস্তাবের সমর্থকদের যুক্তি, সুইজারল্যান্ডের অস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় দেশটির অবস্থান নিশ্চিত করতে এ সংস্কার জরুরি।

প্রচারণাকালে কট্টর ডানপন্থী সুইস পিপলস পার্টির সদস্য ইয়ভান পাউদ বলেন, আমাদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য অপরিহার্য দক্ষতা দেশের ভেতরেই ধরে রাখার বিষয় এটি।

জনমত জরিপে গণভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

১৮ নভেম্বর প্রকাশিত সর্বশেষ তিনটি জরিপেই প্রস্তাবের পক্ষে থাকা শিবির সামান্য এগিয়ে ছিল।

আজ স্থানীয় সময় দুপুর ১২টায় ভোটকেন্দ্র বন্ধ হবে।

তবে অধিকাংশ ভোটার ডাকযোগে আগেই ভোট দিয়েছেন।

ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরই প্রাথমিক ফলাফলের পূর্বাভাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সংশোধিত আইনে আন্তর্জাতিক সংঘাত চলাকালেও সুইজারল্যান্ডের পক্ষে ৩৬টি নির্দিষ্ট অংশীদার দেশে সামরিক সরঞ্জাম রপ্তানির সুযোগ রাখা হয়েছে।

তবে এসব সরঞ্জাম দিয়ে সংশ্লিষ্ট কোনো দেশ সামরিক সুবিধা নিতে পারবে না।

তালিকায় ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র রয়েছে।

ইউক্রেনে অস্ত্র পাঠানো যাবে না।

সুইজারল্যান্ডের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় বলছে, দেশটির নিরপেক্ষতা-সংক্রান্ত আইন অনুযায়ী ইউক্রেনে সুইস অস্ত্র রপ্তানি করা নিষিদ্ধ।

মন্ত্রণালয়ের ভাষ্য, সুইজারল্যান্ড যেহেতু রাশিয়ার বিরুদ্ধে সামরিক সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা বজায় রেখেছে, তাই ইউক্রেনকেও এ ধরনের সরঞ্জাম সরবরাহ করতে পারবে না।

এ ছাড়া তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইউক্রেনে সুইস অস্ত্র পাঠানোর ক্ষেত্রেও বিধিনিষেধ বহাল থাকবে।

সমালোচকদের আরেকটি যুক্তি হলো, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপের কয়েকটি দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অনুরোধ জানালেও প্রস্তাবিত সংশোধনীতে দেশটিকে সহায়তার কোনো ব্যবস্থা রাখা হয়নি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ প্রায় ২০টি বেসরকারি সংস্থা অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণের প্রধান সুরক্ষাব্যবস্থা ভেঙে ফেলার উদ্যোগের নিন্দা জানিয়েছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সুইজারল্যান্ড ছিল বিশ্বের ২০তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ।

এ সময়ে বিশ্ববাজারে দেশটির অংশ ছিল শূন্য দশমিক ৩ শতাংশ।

দুই বছর ধরে অস্ত্র রপ্তানি কমার পর ২০২৫ সালে তা ৪৩ শতাংশ বেড়ে ৯৪ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ বা ১১৩ কোটি ডলারে দাঁড়ায়।

মূলত প্রতিবেশী জার্মানিতে গোলাবারুদ, সাঁজোয়া যান ও যন্ত্রাংশ সরবরাহ বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে আজ সুইজারল্যান্ডের ভোটাররা পেনশন সুবিধা বাড়ানোর অর্থ জোগাতে মূল্য সংযোজন কর বৃদ্ধির প্রস্তাব, উচ্চ শব্দের আতশবাজি বিক্রি ও ব্যবহারে বিধিনিষেধ এবং বিবাহিত দম্পতিদের কর নির্ধারণ পদ্ধতি পরিবর্তনের বিষয়েও ভোট দেবেন।