রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

গাজায় দুই এমএসএফ কর্মী হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:১৬ পিএম

গাজায় দুই এমএসএফ কর্মী হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

মরদেহ বহন করছেন স্বজনেরা।

গাজার একটি ক্লিনিকে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুসও এর তীব্র নিন্দা জানিয়েছেন।

এমএসএফ জানিয়েছে, নিহত দুজন ওই ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংস্থাটি জানায়, তাদের স্থাপনায় স্পষ্টভাবে এমএসএফের লোগো রয়েছে এবং এর অবস্থান ইসরাইলি বাহিনীর জানা ছিল। তা সত্ত্বেও ক্লিনিকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী অবশ্য নিহত দুজনকে হামাসের সদস্য হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, নিহতরা আহমদ আবু হাসিরা এবং হামাসের আর্টিলারি ইউনিটের কমান্ডার মোয়াজ সোবহ। বাহিনীর আরও দাবি, হামলাটি কোনো হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি এবং চিকিৎসা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।

ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হালা আবু হাসিরা জানিয়েছেন, নিহত দুজনের একজন তার ২৫ বছর বয়সী চাচাতো ভাই। এ হামলার মধ্য দিয়ে গাজায় এমএসএফের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এমএসএফ বলেছে, তারা জেনেশুনে সামরিক কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে নিয়োগ দেয় না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন। এর জবাবে ইসরাইলের সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭৪ হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতিও রক্তপাত বন্ধ করতে পারেনি - এএফপির হিসাবে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় এক হাজার ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তথ্যসূত্র: এএফপি