রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:১০ পিএম

পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

ধ্বংসস্তূপে উদ্ধারকাজ। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নির্মাণাধীন একটি ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

রোববার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনার পর থেকে উদ্ধার ও ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে।

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র বলেন, বুধবার করাচির বালোচ কলোনি এলাকায় ভবনটি ধসে পড়ার পর উদ্ধারকারীরা জীবিত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করেছেন।

পাশাপাশি ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

একই সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজও অব্যাহত রয়েছে।

পাকিস্তানে ভবনধসের ঘটনা প্রায়ই ঘটে।

দেশটিতে ভবন নির্মাণে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

ভবনটি ধসে পড়ার পর আশপাশের আরও কয়েকটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।

দুই কোটিরও বেশি মানুষের বসবাস করাচি শহরে অপরিকল্পিত ও নিম্নমানের ভবন নির্মাণ, অনুমোদনহীনভাবে ভবনের সম্প্রসারণ, অবকাঠামোর জরাজীর্ণ অবস্থা, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না করার সমস্যা দীর্ঘদিনের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জন নিহত হন।

এ ছাড়া গত বছরের জুলাইয়ে শহরের দরিদ্র অধ্যুষিত লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবনধসে ২৭ জনের মৃত্যু হয়।