রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবে বৈঠকে আইজেনকোট-নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০১:১৪ পিএম

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবে বৈঠকে আইজেনকোট-নেতানিয়াহু

আইজেনকোট ও নেতানিয়াহু। ফাইল ছবি।

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট আজ রোববার সকালে জোট সরকার গঠন নিয়ে বৈঠকে বসছেন।

প্রধানমন্ত্রী পদ পর্যায়ক্রমে ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়ে নেতানিয়াহু একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগ নেওয়ার পর এ বৈঠকের সিদ্ধান্ত হয়।

শনিবার রাতে নেতানিয়াহুর দল লিকুদ এ তথ্য জানিয়েছে।

গত অক্টোবরের শেষ দিকে ইসরাইলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

পরে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকোটকে।

এরপর থেকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিভিন্ন দলকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছেন আইজেনকোট।

তবে আরব-ইসরাইলি দলগুলোর সমর্থন নেওয়ার বিরোধিতা এবং অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোকে জোটে আনতে প্রয়োজনীয় সমঝোতা, দুই দিক থেকেই তিনি চাপে রয়েছেন।

শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের মধ্যে কথা হয়েছে।

তারা রোববার সকাল ১০টায় ইসরাইলের উপকূলীয় শহর হার্জলিয়ার একটি হোটেলে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন।

তিনি বলেন, একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছুর ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়া।

তাই আমি সম্মত হচ্ছি, নতুন মেয়াদের শুরুতে গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব।

নেতানিয়াহুর এ প্রস্তাবের জবাবে আইজেনকোটও তাকে ও তার ডানপন্থী দল লিকুদকে পাল্টা প্রস্তাব দেন।

এক বিবৃতিতে তিনি বলেন, লিকুদ যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টায় তাদের অবস্থান কতটা আন্তরিক, তা যাচাই করতে আমি প্রস্তুত।

এর আগের দিন আইজেনকোট ঘোষণা দিয়েছিলেন, কোনো ধরনের ১৪ দিনের সময় বাড়ানোর সুযোগ না নিয়েই আগামী ৬ ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি নতুন সরকার গঠনের ঘোষণা দেবেন।

আইজেনকোটের প্রথম পরিকল্পনা ছিল নেতানিয়াহুবিরোধী দলগুলোকে নিয়ে জোট সরকার গঠন করা।

তবে পরে তিনি তার মধ্যপন্থী ইয়াশার পার্টিকে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ দলের সঙ্গে আলোচনা চালানোর নির্দেশ দেন।

শুক্রবার সাবেক সেনাপ্রধান থেকে রাজনীতিতে আসা আইজেনকোট অভিযোগ করেন, নতুন নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করতে লিকুদ ইচ্ছাকৃতভাবে জোট গঠনের আলোচনা দীর্ঘায়িত করছে।

এক বিবৃতিতে তিনি বলেন, লিকুদ সমঝোতায় আসতে রাজি নয়। গত দুই সপ্তাহে তারা আলোচনার টেবিলে একটি সুনির্দিষ্ট প্রস্তাবও দেয়নি।

শনিবার তিনি আরও বলেন, তার পক্ষ থেকে আগে দেওয়া একটি বিস্তারিত প্রস্তাবেরও কোনো জবাব দেয়নি দলটি।

এদিকে, অতি-রক্ষণশীল ইহুদি দল, আরব সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক জোট কিংবা লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার, কোন পথে এগোবে, তা নিয়ে আইজেনকোটের বিস্তৃত রাজনৈতিক শিবিরে মতভেদ রয়েছে।

নেতানিয়াহুর পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবকে তার বিরোধীরা উপহাস করেছেন।

আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর জোট জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন বলেছেন, আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

শনিবার তিনি লিখেছেন, গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠতা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, রক্তাক্ত ও অবহেলাপূর্ণ এই সরকারের বিদায় নিতে হবে।

ইহুদি ও আরব, সব নাগরিকের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আগামী সপ্তাহেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সময় এসেছে।