নভেম্বর ২৯, ২০২৬, ১২:৩৮ পিএম
অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ভিক্টোরিয়ার নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন লেবার পার্টি।
রোববার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ১২ বছর পর প্রথমবারের মতো রাজ্যটির ক্ষমতায় আসছে রক্ষণশীল জোট।
ভোটের অর্ধেকের বেশি গণনা শেষে রাজ্য পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে মধ্য-ডানপন্থী লিবারেল-ন্যাশনাল জোট।
স্থানীয় সংবাদমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, নিম্নকক্ষে লেবার পার্টি তৃতীয় বৃহত্তম দলেও পরিণত হতে পারে।
সে ক্ষেত্রে দলটিকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসবে বামপন্থী গ্রিনস পার্টি।
৩৬ বছর বয়সী জেস উইলসন ভিক্টোরিয়ার নতুন প্রিমিয়ার হতে যাচ্ছেন।
তিনি রাজ্যটির ইতিহাসে প্রথম নারী লিবারেল প্রিমিয়ার।
একটি ব্যবসাবিষয়ক দৈনিক ভিক্টোরিয়ার প্রিমিয়ারের পদকে অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন দায়িত্ব হিসেবে উল্লেখ করেছে।
দেশের মধ্যে ভিক্টোরিয়া রাজ্যের ঋণের পরিমাণ সবচেয়ে বেশি।
এই ঋণের বোঝা কমাতে ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উইলসন।
এর মধ্যে পয়োনিষ্কাশন ব্যবস্থাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটি বিতর্কিত পরিকল্পনাও রয়েছে।
রোববার উইলসন বলেন, তিনি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, এটি তার জন্য অনেক বড় সম্মানের বিষয়। এক কাপ কফি খেয়ে আসল কাজ শুরু হবে বলেও জানান তিনি।
ভিক্টোরিয়ার জনগণ তার ওপর যে আস্থা রেখেছেন, তাতে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান উইলসন।
নির্বাচনে নিজের আসনও হারিয়েছেন বর্তমান লেবার পার্টির প্রিমিয়ার বেন ক্যারল।
ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি ফোন করে উইলসনকে পরাজয়ের কথা স্বীকার করেন।
ভিক্টোরিয়াকে অস্ট্রেলিয়ার রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ নির্দেশক রাজ্য হিসেবে বিবেচনা করা হয়।
সেখানে লেবার পার্টির এই পরাজয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ওপর নতুন করে চাপ বাড়িয়েছে।
তিনি বর্তমানে দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি সময়ে রয়েছেন।
লিবারেল পার্টির সিনেটর জেমস প্যাটারসন জাতীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, রাজ্যে এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা লেবার পার্টির বিরুদ্ধে এই ফলাফল অবিশ্বাস্য ও বড় ধরনের প্রত্যাখ্যান।
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ব্যাপক অসন্তোষের মধ্যে আলবানিজের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং মূল্যস্ফীতির চাপের কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসে আবারও সুদের হার বাড়াতে বাধ্য হয়েছে।
এতে সুদের হার গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ভিক্টোরিয়ার নির্বাচনের ফলাফল কট্টর ডানপন্থী ওয়ান নেশন পার্টির জন্যও বড় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
দলটি রাজ্যের পার্লামেন্টে প্রথমবারের মতো আসন পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার রাতে এক নির্বাচনী সমাবেশে দলটির নেতা পলিন হ্যানসন লেবার পার্টির পরাজয়ের কৃতিত্ব দাবি করেন।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, জনগণই এই পরিবর্তন এনেছে।
ভিক্টোরিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে ওয়ান নেশন পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অর্থাৎ, আইন পাস ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলটি প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে।
একসময় প্রান্তিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত ওয়ান নেশন সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের ব্যাপক অসন্তোষকে কাজে লাগিয়ে দলটির এই উত্থান ঘটেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন