নভেম্বর ২৯, ২০২৬, ১২:৪০ পিএম
আগামী বছরের জন্য তেল উৎপাদনের কোটা নির্ধারণে রোববার অনলাইনে বৈঠকে বসছে ওপেক প্লাসের সদস্যদেশগুলো।
সৌদি আরব ও রাশিয়াসহ আরও ১৯টি সদস্যদেশের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নিচ্ছেন।
বিশ্ববাজারের অনিশ্চিত পরিস্থিতির কারণে বৈঠকে কঠিন আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১২টি তেল রপ্তানিকারক দেশের সংগঠন ওপেক এবং তাদের মিত্র দেশগুলো নিয়ে গঠিত ওপেক প্লাসের এ বৈঠকে প্রতিটি সদস্যদেশের তেল উৎপাদনের নতুন সক্ষমতার সীমাও নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।
এই সক্ষমতার ভিত্তিতেই সদস্যদেশগুলোর উৎপাদন কোটা ঠিক করা হয়।
ওপেকের সদস্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে জ্বালানি অবকাঠামোয় নতুন করে হামলার ঘটনা বিশ্ববাজারের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
রিস্টাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওন বলেন, বিগত কয়েক বছরের মধ্যে এটি ওপেক প্লাসের সবচেয়ে জটিল বৈঠকগুলোর একটি হতে যাচ্ছে।
তিনি বলেন, সংগঠনটির জন্য উৎপাদনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা খুব কঠিন হবে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে ওপেক প্লাস জানুয়ারি মাসের জন্য বর্তমান উৎপাদন কোটা অপরিবর্তিত রাখতে পারে।
সংগঠনটির নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রতিনিধির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেন ও ইরান যুদ্ধের কারণে কয়েক মাস ধরে বিশ্ববাজারে তেলের ঘাটতি এবং মূল্যবৃদ্ধির পর আন্তর্জাতিক জ্বালানি সংস্থা পূর্বাভাস দিয়েছে, বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে।
সরবরাহ বাড়লেও চাহিদা তুলনামূলক কম থাকার কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্টের বিশ্লেষক আর্নে লোহমান রাসমুসেন বলেন, বিশ্ববাজারে তেলের বড় ধরনের উদ্বৃত্ত সরবরাহ তৈরি হলে ২০২৭ সালে উৎপাদন কমানোর প্রয়োজন হতে পারে।
এমন পরিস্থিতিতে ওপেক প্লাসের সদস্যদেশগুলোর সামনে বড় প্রশ্ন হবে, কোন দেশ উৎপাদন কমানোর দায়িত্ব নিতে রাজি হবে।
২০২৭ সাল থেকে সদস্যদেশগুলোর উৎপাদন কোটা নির্ধারণের ভিত্তি হিসেবে ব্যবহারের জন্য নতুন উৎপাদন সক্ষমতার মাত্রা নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডিগোলিয়ার অ্যান্ড ম্যাকনটন দুই বছর ধরে বিশ্লেষণ করে এ মূল্যায়ন সম্পন্ন করেছে।
ওপেকের মহাসচিব হাইথাম আল-ঘাইস নভেম্বরের মাঝামাঝি বলেন, প্রথমবারের মতো স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় সদস্যদেশগুলোর সর্বোচ্চ টেকসই তেল উৎপাদন সক্ষমতা মূল্যায়ন ও নির্ধারণ করা হয়েছে।
তবে উপসাগরীয় অঞ্চলে সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ সদস্যদেশের তেলশিল্প মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
হোর্হে লিওন বলেন, যেসব দেশের উৎপাদন সক্ষমতা বর্তমানে কমে গেছে, তারা প্রত্যেকেই দাবি করতে পারে যে এই ঘাটতি সাময়িক।
এ যুক্তিতে দেশগুলো বেশি উৎপাদন কোটা পাওয়ার চেষ্টা করতে পারে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইরাক।
দেশটি ইতিমধ্যে তেল উৎপাদন সক্ষমতা নিয়ে করা নতুন মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে বলে খবর পাওয়া গেছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মূল্যায়নে ইরাকের দৈনিক তেল উৎপাদন সক্ষমতা ৫০ লাখ ব্যারেলের নিচে নির্ধারণ করা হয়েছে।
তবে ইরাকের দাবি, দেশটি দৈনিক ৫২ লাখ ব্যারেল তেল উৎপাদনে সক্ষম।
শুক্রবার ইরাকের তেলমন্ত্রী বাসেম খুদাইর বলেন, উৎপাদনের সীমা বাড়ানোর জন্য আমরা ওপেকের সঙ্গে আলোচনা করছি।
তিনি বলেন, এ আলোচনা শুধু আনুষ্ঠানিকতা নয়। ইরাক ওপেকের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি। নিজেদের অধিকার রক্ষার অধিকার আমাদের রয়েছে।
ডিএনবি কার্নেগির বিশ্লেষকেরা বলেন, ইরাক দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, উৎপাদনের ওপর বিধিনিষেধ দেশের পুনর্গঠনের অর্থায়নের সক্ষমতা সীমিত করছে।
উৎপাদন কোটা নিয়ে মতবিরোধের কারণে চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাত ওপেক ছেড়ে যায়।
উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনাকে জাতীয় স্বার্থের বিষয় হিসেবে তুলে ধরে আবুধাবি এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছিল।
পিভিএমের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছেড়ে যাওয়ার ঘটনা সংগঠনটির অন্য যেসব সদস্যের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে, তাদেরও বেশি কোটা দাবি করতে উৎসাহিত করবে।
দাবি পূরণ না হলে তারাও সংগঠন ছাড়ার হুমকি দিতে পারে।
হোর্হে লিওন বলেন, তেলের দাম বাড়তি রাখতে ওপেক প্লাস যে পরিমাণ তেল উৎপাদন থেকে বিরত রাখছে, সেই সুযোগ কাজে লাগিয়ে সংযুক্ত আরব আমিরাত বাজারে আরও বেশি তেল বিক্রি করতে পারছে।
তিনি উল্লেখ করেন, ওপেক ছাড়ার সময় সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাতেরই সবচেয়ে বেশি অব্যবহৃত তেল মজুত ও উৎপাদন সক্ষমতা ছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন