নভেম্বর ২৯, ২০২৬, ১১:৩১ এএম
পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছান।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. মাহমুদ আল হোসাইন, যুগ্মসচিব শাহানা পারভীন, উপসচিব মো. আব্দুর রাজ্জাক মিয়া ও জনসংযোগ কর্মকর্তা মো. সাজিদ বিন সাইদ।
এ সময় বিমানবন্দরে ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন