রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

৩০ নভেম্বর তৃতীয় টার্মিনাল পরিচালনা চুক্তি স্বাক্ষর

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:১৬ এএম

৩০ নভেম্বর তৃতীয় টার্মিনাল পরিচালনা চুক্তি স্বাক্ষর

তৃতীয় টার্মিনালের ভেতর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি আগামী ৩০ নভেম্বর স্বাক্ষরিত হবে। এর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক উদ্বোধনের পথ উন্মুক্ত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর তৃতীয় টার্মিনাল চালু করাকে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করে। পরবর্তী সময়ে বিজয় দিবসে এটি উদ্বোধনের একটি রূপরেখা ঘোষণা করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিতিতে ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তিটি স্বাক্ষরিত হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধন করা হবে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই অথবা কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে। উদ্বোধনের আগে গন্তব্য চূড়ান্ত করা হবে।

১৭ ডিসেম্বর থেকে টার্মিনালটিতে সীমিত পরিসরে নিয়মিত কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রতিদিন দুটি আগমনী ও দুটি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।

প্রথম তিন মাস নতুন টার্মিনাল দিয়ে একচেটিয়াভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে কর্তৃপক্ষ পরিচালন প্রস্তুতি মূল্যায়ন এবং যাত্রীসেবা ধীরে ধীরে স্থিতিশীল করার সুযোগ পাবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোও ধীরে ধীরে তাদের কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করবে।

কনসেশন চুক্তির পূর্ণ বাস্তবায়ন প্রায় আট মাস ধরে পর্যায়ক্রমে সম্পন্ন হবে।

প্রতিযোগিতা সৃষ্টি ও বিমানবন্দর সেবার মান উন্নত করতে জাপানি কনসোর্টিয়াম ডিসেম্বরের পর ছয় মাসের মধ্যে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানকারী নিয়োগ করবে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠান এ সেবা প্রদানের সুযোগ পাবে।

প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনালটি বাংলাদেশের বৃহত্তম বিমান চলাচল অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। তবে পরিচালনা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনার কারণে বাণিজ্যিক কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।

নতুন টার্মিনালটি বছরে ২ কোটি যাত্রী পরিবহনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিদ্যমান টার্মিনাল দুটির সম্মিলিত যাত্রী পরিবহন সক্ষমতা প্রায় ৮০ লাখ। নতুন টার্মিনালে ১০০টি চেক-ইন কাউন্টার, ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন কিয়স্ক, ১৬টি সাধারণ লাগেজ বেল্ট এবং বোর্ডিং ব্রিজ রয়েছে। জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনার পর গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় চুক্তিটি অনুমোদন করা হয়। আগামীকাল কর্তৃপক্ষের সদর দপ্তরের অডিটোরিয়ামে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। সেখানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের কনসেশন চুক্তি এবং তৃতীয় টার্মিনালের কার্যক্রম চালুর প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।