নভেম্বর ২৯, ২০২৬, ০৩:২২ এএম
রপ্তানির সুযোগ সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা গভীরতর করতে জার্মানির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার বার্লিনে জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুম্যানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রতিমন্ত্রী পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি পণ্য এবং হালকা প্রকৌশল পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরেন। নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ চিহ্নিত করতে উভয় পক্ষ নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর বিনিময় এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিক যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছে।
জ্বালানি নিরাপত্তা, অভিবাসন ও চলাচল এবং ভিসা প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। অভিবাসন ও চলাচলের ক্ষেত্রে সরকার টু সরকার ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি এবং মেয়েদের শিক্ষার প্রসারে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শুম্যানকে অবহিত করেন। জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুতের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে সংগঠনটির সমর্থন পুনর্ব্যক্ত করেন শুম্যান। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন এবং তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন