রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০২:২৯ এএম

ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ

এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। ফাইল ছবি।

আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

এক্সপ্রেসওয়েতে চলমান সাত দিনব্যাপী যানবাহন জরিপ এবং ইটিসি স্থাপন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনে তেজগাঁওসহ বিভিন্ন টোল প্লাজায় চলমান যানবাহন জরিপের পদ্ধতি পর্যবেক্ষণ করেন তিনি। জরিপকাজে নিয়োজিত কর্মী এবং তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। টোল প্লাজার সার্ভেইলেন্স ও টোল অপারেশন ব্যবস্থার কার্যক্রম সম্পর্কেও তিনি অবহিত হন।

পরে তিনি এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন করেন। এ নিয়ন্ত্রণকক্ষ থেকে পুরো এক্সপ্রেসওয়ের যানবাহন চলাচল, টোল আদায় ও সার্বিক পরিচালন কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হয়। অপারেশনাল কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি।

বিভিন্ন টোল প্লাজায় ইটিসি স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন সেতু সচিব। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সারাদেশে একক ও অভিন্ন পদ্ধতিতে জনবান্ধব আধুনিক ইটিসি ব্যবস্থা চালুর উদ্যোগের অংশ হিসেবে টোল লেনে লুপ কাটিংসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। বনানী ইএন-২ র‌্যাম্প এলাকায় ইটিসি স্থাপনের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

পরিদর্শন শেষে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই, পরামর্শক প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইঞ্জিনিয়ার, সেফটি কনসালটেন্ট এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন তিনি। সভায় সোনারগাঁও ইএন-২ র‌্যাম্পটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। র‌্যাম্পটি চালুর আগেই টোল আদায় ও যানবাহন ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া প্রকল্পের চলমান নির্মাণকাজে সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।